ঢাকা-মাওয়া মহাসড়কে বাস চলাচলকে কেন্দ্র করে পরিবহন মালিকদের বিরোধের জের ধরে গতকাল রোববার মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার ষোলঘর এলাকায় আরাম পরিবহনের শ্রমিকেরা এক ঘণ্টা মহাসড়ক অবরোধ করেন। এতে মহাসড়কের দুই দিকে দীর্ঘ তিন কিলোমিটার যানজটের সৃষ্টি হয়।
পুলিশ ও স্থানীয় একাধিক সূত্রে জানা যায়, ঢাকা-দোহার রুটে চলাচলকারী আরাম পরিবহনের বাস ঢাকা-মাওয়া রুটে চলাচলের অনুমতি নিয়ে মাওয়া চৌরাস্তায় গত শনিবার কাউন্টার বসালে মাওয়ার বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সঙ্গে বিরোধ দেখা দেয়। আরাম পরিবহনকে ঢাকা-মাওয়া রুটে প্রবেশ করতে না দেওয়ার দাবিতে ঢাকা-মাওয়া রুটের বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির ১২টি পরিবহনের শ্রমিকেরা মাওয়া চৌরাস্তায় অবরোধ করেন। এর পরিপ্রেক্ষিতে গতকাল আরাম পরিবহনের মালিকপক্ষ ও শ্রমিকেরা পাল্টা প্রতিবাদ কর্মসূচি হিসেবে শ্রীনগরের ষোলঘরে অবরোধ সৃষ্টি করেন। অবরোধ চলাকালে স্থানীয় সাংসদ সুকুমার রঞ্জন ঘোষ ও সাংসদ সাগুফতা ইয়াসমিন বিষয়টি মীমাংসা করে দেওয়ার আশ্বাস দিলে দুই পক্ষই তাদের কর্মসূচি প্রত্যাহার করে।
আরাম পরিবহনের মালিক বাদল ব্যাপারী প্রথম আলোকে জানান, ঢাকা-মাওয়া রুটে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) থেকে অনুমতি নিয়ে বাস চালাতে গেলে মাওয়ায় বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির লোকজন বাধা দেন। এর প্রতিবাদেই তাঁরা গতকাল সড়ক অবরোধ করেন।
ঢাকা-মাওয়া রুটের বাস মালিক ও শ্রমিক কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক গোলাম শহীদ দিলীপ বলেন, এমনিতেই মাওয়া রুটে বাসগুলোকে সিরিয়ালের জন্য বসে থাকতে হয়। তার মধ্যে নতুন আরও একটি বাস আসার কোনো যুক্তি নেই।
কিন্তু বাসমালিকের অভিযোগ, কোথায়, কখন, কোন জায়গায় এ বিষয়ে বসা হবে, তার কোনো সিদ্ধান্ত এখনো হয়নি। তাই বিষয়টি এখন অনিশ্চয়তার মধ্যেই আছে।