পাল্টাপাল্টি মামলা, ছাত্রদলের অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে গতকাল রোববার থেকে ধর্মঘট শুরু করেছে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল। ছাত্রদলের অভিযোগ, গত বুধবার রাত সোয়া ১১টার দিকে ছাত্রলীগের কর্মীদের হামলায় ছাত্রদলের দুই কর্মী ও একজন সাধারণ শিক্ষার্থী আহত হন। হামলায় ছাত্রদলকর্মীদের মেসের কয়েকটি কম্পিউটারও ভাঙচুর করা হয়। এ হামলার সুষ্ঠু বিচারের ও ক্ষতিপূরণ দাবিতে বিশ্ববিদ্যালয় শাখা জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল রোববার থেকে ক্যাম্পাসে ধর্মঘট ডাকে।সূত্র জানায়, গতকাল রোববার ভোরে বিশ্ববিদ্যালয়ের গ্যারেজে রাখা বাসের চাকা কেটে এবং বাতাস ছেড়ে দেন ছাত্রদলের কর্মীরা। এ ছাড়া সকালে সিলেট শহরের বিভিন্ন স্থানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী পরিবহনের বাস চলাচলে বাধা দেন তাঁরা। ছাত্রদলের কর্মীদের বাধার মুখে সকালে শিক্ষক-কর্মকর্তা, শিক্ষার্থী ও স্টাফ বাস বিশ্ববিদ্যালয়ে আসতে পারেনি। তবে দুপুরের পর এবং বিকেলে পুলিশি প্রহরায় বাস চলাচল করেছে।পুলিশ সূত্র জানায়, বুধবার রাতের হামলার ব্যাপারে পাল্টাপাল্টি মামলা হয়েছে। ছাত্রদলের পক্ষ থেকে শাহপরাণ হল শাখার সভাপতি শরীফ উদ্দিন শিকদার বাদী হয়ে ছাত্রলীগের ১২ জন কর্মীকে আসামি করে মামলা করেছেন। অপরদিকে ছাত্রলীগের কর্মী নুরুজ্জামান বাদী হয়ে ছাত্রদলের নয়জন নেতা-কর্মীকে আসামি করে মামলা করেন। গত শনিবার রাতে মামলা দুটি করা হয়। এদিকে বুধবারের ঘটনার ব্যাপারে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। অর্থনীতি বিভাগের প্রধান সৈয়দ হাসানুজ্জামান শ্যামলকে প্রধান করে তিন সদস্যবিশিষ্ট একটি কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।কমিটির অপর সদস্যরা হচ্ছেন রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক দীপেন দেবনাথ ও কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং অ্যান্ড পলিমার সায়েন্স বিভাগের সহকারী অধ্যাপক মহিবুল আলম। বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান মুঠোফোনে বলেন, ঘটনার সুষ্ঠু বিচার ও ক্ষতিপূরণ না পাওয়া পর্যন্ত ছাত্রদলের ধর্মঘট চলবে। হামলার সঙ্গে ছাত্রলীগের সংশ্লিষ্টতার কথা অস্বীকার করে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আহ্বায়ক শামছুজ্জামান চৌধুরী বলেন, ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়। ছাত্রদল ক্যাম্পাস অস্থিতিশীল করার পাঁয়তারা করছে। বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিমাদ্রী শেখর রায় প্রথম আলোকে বলেন, ‘ওই ঘটনায় ব্যাপারে গঠিত তদন্ত কমিটি কাজ করতে শুরু করেছে। ধর্মঘট আহ্বানকারীদের সঙ্গেও আমাদের আলোচনা চলছে।’