জাতীয় বিশ্ববি-দ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) শ্রেণীর প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা চলাকালে তিনটি কলেজে ছাত্রলীগের সঙ্গে শিবিরের সংঘর্ষের ঘটনায় পাল্টাপাল্টি মামলা, প্রতিবাদ সমাবেশ ও সংবাদ সম্মেলন হয়েছে। মেহেরপুরে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালিত হয়।খুলনা: দৌলতপুর থানা সূত্রে জানা যায়, ছাত্রলীগের খুলনা বিএল কলেজ শাখার সভাপতি সাইফুজ্জামান গতকাল শনিবার দুপুরে শিবিরকে দায়ী করে মামলা করেন। এতে শিবিরের খুলনা নগর শাখার সাধারণ সম্পাদক আতাউর রহমান, সাংগঠনিক সম্পাদক সাঈদুর রহমান, সদর থানার সভাপতি আজিজুল ইসলাম ফারাজি, বিএল কলেজ শাখার সভাপতি গাজী মোর্শেদ মামুন, সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল মামুন এবং সাংগঠনিক সম্পাদক মহিউল ইসলামসহ ১৯ জনকে আসামি করা হয়েছে।বিকেলে ছাত্রশিবিরের বিএল কলেজ শাখার সভাপতি গাজী মোর্শেদ মামুন ছাত্রলীগের বিরুদ্ধে মামলা করেন। এতে ছাত্রলীগ কলেজ শাখার সাধারণ সম্পাদক দোলন মিস্ত্রি, জ্যেষ্ঠ সহসভাপতি সুব্রত মণ্ডল, সাংগঠনিক সম্পাদক হাবিবুর রহমান, যুগ্ম সাধারণ সম্পাদক নাজির হোসেন, পবিত্র সাহাসহ ১২ জনকে আসামি করা হয়েছে।দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল কুদ্দুস মামলার সত্যতা নিশ্চিত করে বলেন, গতকাল সন্ধ্যা পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি। আর সংঘর্ষের সঙ্গে সমপৃক্ততা না পাওয়ায় গত শুক্রবার আটক আট ছাত্রকে ছেড়ে দেওয়া হয়েছে।এদিকে গতকাল বেলা ১১টায় কলেজের ফটকে প্রতিবাদ সমাবেশ করে ছাত্রলীগ। সমাবেশে বক্তারা সংঘর্ষের জন্য শিবিরকে দায়ী করে এর সঙ্গে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের দাবি জানান। অপরদিকে শিবির বিএল কলেজ শাখার নেতা-কর্মীরা গতকাল দুপুরে খুলনা প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেছেন। এতে সংঘর্ষের জন্য ছাত্রলীগকে দায়ী করা হয়। বিকেলে শিবিরের মহানগর শাখা নগরের রয়্যাল চত্বরে বিক্ষোভ সমাবেশ করে। দিনাজপুর: দিনাজপুর সরকারি কলেজে সংঘর্ষের ঘটনায় শিবিরকে দায়ী করে গতকাল প্রতিবাদ মিছিল করেছে ছাত্রলীগ। কলেজের ক্লাস অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণারও প্রতিবাদ জানান তাঁরা। দুপুরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে বাসুনিয়াপট্টিতে সংগঠনের কার্যালয়ে এসে শেষ হয়। সেখানে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা অবিলম্বে কলেজ খুলে দিতে কর্তৃপক্ষের কাছে দাবি জানান। সেই সঙ্গে শিবিরের সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে সর্বস্তরের ছাত্রসমাজকে ছাত্রলীগের পতাকাতলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানানো হয়।মেহেরপুর: মেহেরপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগ ও শিবিরের মধ্যে সংঘর্ষের সময় সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে গতকাল মানববন্ধন হয়েছে। মেহেরপুর প্রেসক্লাবের সামনে বেলা সোয়া ১১টা থেকে দুপুর একটা পর্যন্ত এ মানববন্ধনে স্থানীয় সাংবাদিকেরা অংশ নেন। তাঁরা সাংবাদিকদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।আজ রোববার সাংবাদিকেরা মৌন মিছিল নিয়ে জেলা প্রশাসক জামাল উদ্দিন আহমেদের কাছে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি পেশ করবেন। আগামীকাল সাংবাদিকেরা কালো ব্যাজ ধারণ করবেন। গত শুক্রবার ওই সংঘর্ষের সময় দায়িত্ব পালনকালে ছাত্রলীগের কর্মীরা প্রথম আলোর মেহেরপুর প্রতিনিধি তুহিন আরণ্য, আমার দেশ প্রতিনিধি পলাশ খন্দকার ও দৈনিক দেশতথ্য-এর আলোকচিত্র সাংবাদিক মিজানুর রহমান আহত হন।এদিকে মেহেরপুর সদর থানার ওসি রবিউল ইসলাম জানান, সংঘর্ষের ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা করেছে। এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে সংঘর্ষের সময় আটক ২৪ জনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখ্য, গত শুক্রবার আধিপত্য বিস্তার নিয়ে তিনটি কলেজে এ সংঘর্ষে পুলিশ-সাংবাদিকসহ ৭২ জন আহত হয়।