লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলা বিএনপির দ্বিধাবিভক্তি প্রকাশ্যে রূপ নিয়েছে। দুই পক্ষের নেতা-কর্মীদের গুলিবিনিময় ও সংঘর্ষের পর তারা সশস্ত্র অবস্থানে রয়েছে। লক্ষ্মীপুর-১ আসনের সাংসদ নাজিম উদ্দিন আহমেদের গাড়ি ভাঙচুর ও স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সাবেক প্রতিমন্ত্রী জিয়াউল হক জিয়ার ইফতার পার্টি ভন্ডুল করার ঘটনায় গতকাল শনিবার দুই পক্ষ থানায় পাল্টাপাল্টি মামলা করেছে।
অপর দিকে দুই পক্ষের প্রতিবাদ সমাবেশকে কেন্দ্র করে রামগঞ্জ শহরে গতকাল বেলা দুইটা থেকে রাত আটটা পর্যন্ত ১৪৪ ধারা জারি করেছে উপজেলা প্রশাসন।
রামগঞ্জের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাতেমা তুজ-জান্নাত এ তথ্য নিশ্চিত করে বলেন, সরকারি ডিগ্রি কলেজ মাঠে সমাবেশ ডাকেন সাংসদ নাজিম উদ্দিন ও জিয়াউল হক জিয়ার সমর্থকেরা। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করায় আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির আশঙ্কায় আছে। এ জন্য কলেজ মাঠ ও এর আশপাশে শহরে ১৪৪ ধারা জারি করা হয়।
শুক্রবারের ইফতার পার্টিতে হামলা ও গুলিবর্ষণের ঘটনায় জিয়াউল হক জিয়ার সমর্থক আবুল কালাম আজাদ বাদী হয়ে আলীপুর গ্রামের মো. রকিকে প্রধান আসামি করে ২২ জনের নাম উল্লেখ করে আরও অজ্ঞাত ৭০-৮০ জনের নামে মামলা করেন। আর সাংসদ নাজিম উদ্দিনের গাড়ি ভাঙচুরের ঘটনায় চালক বাবুল হোসেন বাদী হয়ে জামাল হোসেনকে প্রধান আসামি করে ১৫ জনের নামে থানায় মামলা করেন।
জিয়ার সমর্থক আবদুল ছাত্তার বলেন, নাজিম এমপির সন্ত্রাসীরা অস্ত্রশস্ত্র নিয়ে ইফতার পার্টিতে হামলা করে। প্রতিবাদে কলেজ মাঠে সমাবেশ ডাকা হলে উল্টো তারা সমাবেশ ডাকে। বর্তমানে নাজিমের লোকজন সর্বত্র সশস্ত্র অবস্থায় আছে।
জানতে চাইলে লক্ষ্মীপুর-১ (রামগঞ্জ) আসনের বিএনপির এমপি নাজিম উদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, ‘জিয়ার সন্ত্রাসীরা আমার গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করে। আওয়ামী লীগ-সমর্থিত জিয়ার কিছু সন্ত্রাসী প্রকাশ্যেই অস্ত্র ব্যবহার করছে। তিনি মন্ত্রী থাকাকালে তাঁর সেভেন স্টার বাহিনীর দুর্নীতি এবং সন্ত্রাসের কারণে বিএনপির রাজনীতি প্রশ্নবিদ্ধ হয়। তাদের কারণেই দলের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়। এখনো দলকে ডুবাতে আওয়ামী লীগের পক্ষ হয়ে কাজ করছে।