গাজীপুরের কোনাবাড়ীর নয়াপাড়া এলাকায় জমি নিয়ে দুই কারখানার শ্রমিকদের সংঘর্ষে গত বুধবার দিবাগত রাতে জয়দেবপুর থানায় পাল্টাপাল্টি দুটি মামলা দায়ের করা হয়েছে। দুটি মামলায় উভয় পক্ষের এক হাজার ২০০ শ্রমিককে আসামি করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা গেছে, গাজীপুর সিটি করপোরেশনের কাশিমপুর নয়াপাড়া এলাকায় সিকিউরিটি সুপারভাইজার নূর হোসেন হত্যা, অগ্নিসংযোগ, ভাঙচুরের ঘটনায় গত বুধবার রাতে দুলাল ব্রাদার্স লিমিটেড (ডিবিএল) গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুর রহমান ভূঁইয়া বাদী হয়ে জয়দেবপুর থানায় মামলা দায়ের করেছেন। মামলায় পাঁচজনের নাম উল্লেখ ও অজ্ঞাতনামা ৭০০ জনকে আসামি করা হয়েছে। এ ছাড়া কেয়া গ্রুপের উপমহাব্যবস্থাপক (ডিজিএম) কাজী মহিউদ্দিন বাদী হয়ে অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনায় সাতজনের নাম উল্লেখ করে ৫০০ জনকে আসামি করে আরেকটি মামলা দায়ের করেছেন। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ গ্রেপ্তার হননি।
গতকাল এক সংবাদ সম্মেলনে কেয়া কসমেটিক কারখানা মিলনায়তনে বক্তব্য দেন কেয়া গ্রুপের চেয়ারম্যান আবদুল খালেক পাঠান। তিনি বলেন, ‘গাজীপুরের জরুন এলাকার দুটি (কাশিমপুর এবং গোবিন্দবাড়ী) মৌজায় কেয়া গ্রুপ ও ডিবিএল গ্রুপের জমি রয়েছে। ওই জমির এওয়াজ পরিবর্তন নিয়ে দুই পক্ষের মধ্যে একাধিকবার বৈঠক হয়েছে। কিন্তু বৈঠকে তাঁদের সঙ্গে মৌখিকভাবে এওয়াজ পরিবর্তনের সিদ্ধান্ত হলেও ডিবিএল গ্রুপ তা উপেক্ষা করে জমিতে বালু ভরাট করে বিভিন্ন স্থাপনা নির্মাণ অব্যাহত রাখে। এ নিয়ে তাদের সঙ্গে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। বুধবার ডিবিএল গ্রুপের লোকজন ফের স্থাপনা নির্মাণ করতে গেলে কেয়া গ্রুপের শ্রমিকেরা বাধা দেন। এ সময় ডিবিএল গ্রুপের লোকজন আমাদের চার প্রতিবন্ধী শ্রমিককে আটক করে নির্যাতন চালান। এ খবর ছড়িয়ে পড়লে সহকর্মীরা তাঁদের উদ্ধার করতে যান। এ সময় ডিবিএলের শ্রমিকেরা তাঁদের ওপর হামলা চালান এবং তাঁর জমিতে থাকা বুলডোজারসহ একটি বাড়িতে অগ্নিসংযোগ করেন। তখন উভয় গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে আমাদের ২০-২৫ জন শ্রমিক আহত হয়েছেন।’
ডিবিএল গ্রুপের মহাব্যবস্থাপক (প্রশাসন) জুলফিকার আলী বলেন, ‘জরুন এলাকার জমি নিয়ে দীর্ঘদিন ধরে কেয়া গ্রুপের সঙ্গে তাঁদের বিরোধ চলে আসছিল। সর্বশেষ ১৮ অক্টোবর তাঁদের সঙ্গে ওই জমির মালিকানা নিয়ে বৈঠক হয়। বৈঠকে জমির বিরোধ নিষ্পত্তি হয়নি। এ নিয়ে গত বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কেয়া গ্রুপের লোকজন তিন দফা হামলা চালিয়ে ওই জমিতে থাকা রাসায়নিক গুদাম, ঝুটের গুদাম ভাঙচুর ও অগ্নিসংযোগ করে। এ সময় শ্রমিকদের মারধর করা হয়। এতে আমাদের সিকিউরিটি সুপারভাইজার নূর হোসেন (৫০) নিহত এবং অন্তত ৪৫ জন শ্রমিক আহত হন।’
কোনাবাড়ী পুলিশ ক্যাম্পের উপপরিদর্শক (এসআই) সৈয়দ আজহারুল ইসলাম জানান, দুই পক্ষই পাল্টাপাল্টি মামলা করেছে।