পাল্টাপাল্টি যুক্তিতে সংসদ প্রাণবন্ত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সংসদ
সংসদ

গঠনমূলক সমালোচনা, যুক্তি আর পাল্টাযুক্তিতে আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রাণবন্ত বিতর্কে মেতে উঠেছিলেন সরকারি ও বিরোধী দলের জ্যেষ্ঠ সাংসদেরা। টিপ্পনি ও খোঁচা দিয়ে পরস্পরকে ঘায়েল করার চেষ্টা থাকলেও তাঁদের বক্তব্যে ছিল না কোনো অশালীন বক্তব্য, কটূক্তি বা আক্রমণাত্মক শব্দের ব্যবহার। আবার তাঁদের বক্তব্যে সমালোচনারও কোনো কমতি ছিল না।বাজেট আলোচনার শেষ পর্যায়ে আজ জাতীয় সংসদে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির শীর্ষ পর্যায়ের নেতা-নেত্রীরা বক্তব্য দেন। সংসদে গত কয়েক দিনের মতো গালাগাল আর উত্তাপ না থাকলেও তাঁদের মধুর বিতর্কে দিনভর সংসদ ছিল প্রাণবন্ত। দুই দলের সদস্যরাই পরস্পর বিরোধী দলের বক্তব্য ধৈর্য ধরে শুনেছেন।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও জিয়াউর রহমানকে অকারণে তাঁরা কোনো বিতর্কে টেনে আনেননি। দুই নেত্রী সম্পর্কেও ছিল না কোনো অশালীন কথাবার্তা।

নির্বাচন বর্জনের বিএনপিকে পাল্টা হুমকি

অন্তর্বর্তী সরকারের অধীনে নির্বাচন হবে জানিয়ে বিএনপিকে নির্বাচন বর্জনের হুমকি না দেওয়ার আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের জ্যেষ্ঠ সাংসদ সুরঞ্জিত সেনগুপ্ত। তিনি বলেন, নির্বাচন বর্জন বিএনপির একার নয়। তত্ত্বাবধায়ককে আওয়ামী লীগ নির্বাচনে না গেলে কী হবে? রাষ্ট্রপতি যদি এ সংসদকেই জীবিত করে তখন কি করবে বিরোধী দল? এ জন্য দ্রুত আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করার আহ্বান জানান তিনি।

এ সময় সংসদ নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপস্থিত ছিলেন। মওদুদ আহমেদের নেতৃত্বে বিরোধী দলও অধিবেশনে ছিল।

‘সময় খুব অল্প’ উল্লেখ করে অবাধ নির্বাচনের লক্ষ্যে নির্বাচন কমিশনকে শক্তিশালী করতে দ্রুত আলোচনার আহ্বান জানিয়ে সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘যতই দিন যাচ্ছে, আলোচনার পথ রুদ্ধ হয়ে যাচ্ছে বলছি না, তবে ক্ষীণ হয়ে যাচ্ছে। এটা ঠিক হবে না। আপনারা আসেন।’

সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, ‘অবাধ সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে আমরা ক্ষমতা হস্তান্তর আমরা সকলেই চাই। আপনি বলবেন না, আমিও বলব না, তখন কী হবে? সংসদও নেই। রাষ্ট্রপতি কী করবেন? রাষ্ট্রপতি ইচ্ছে করলে উচ্চ আদালতের পরামর্শ নিয়ে এ সংসদকেই যদি জীবিত করে ফেলেন তখন কী করবেন আপনারা? রাষ্ট্রপতি যদি সুপ্রিম কোর্টের অনুমোদন দিয়ে ওই মন্ত্রিসভা নিয়ে চালিয়ে যায় তখন আর গায়েবি সংসদ আসতে পারবে না।’

সুরঞ্জিত সেনগুপ্ত বিরোধী দলের উদ্দেশে বলেন, ‘আপনারা যদি নির্দলীয় না মানেন, সর্বদলীয় হতে পারে। আসুন, আলোচনা করি। এটা কি প্রতিনিধিদের আনুপাতিক হারে আসতে চান, নাকি জনগণের ভোটের অনুপাতে হবে? বলবেন কোন মন্ত্রণালয় নেবেন, কীভাবে হতে পারে। এ নিয়ে আলোচনা হতে পারে।’ তত্ত্বাবধায়ক নিয়ে পানি ঘোলা না করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ‘এ শিশু মারা গেছে। অন্তর্বর্তী সরকার এসে গেছে। ওই মরা গাছে ফুল ফোটানো যাবে না। যেভাবে সিটি নির্বাচন হয়েছে, সেভাবেই জাতীয় নির্বাচন হবে। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারের ব্যবস্থা শেখ হাসিনা এনেছেন। তার পরও প্রধানমন্ত্রী একটা প্যাকেজ ডিল দিয়েছেন। ঠিক আছে, আসুন আলোচনা করি। সাংবিধানিক কাঠামোর মধ্যে আলোচনায় সমঝোতা হতে পারে।’

নির্বাচন কমিশন শক্তিশালী হওয়ায় এবং বিদ্যমান বৈশ্বিক প্রেক্ষাপটে আর কারচুপির সুযোগ নেই বলে উল্লেখ করে সুরঞ্জিত বলেন, আইডিসহ ভোটার তালিকা রয়েছে। রাষ্ট্রপতি হয়ে, সেনাপতি হয়ে সামরিক শাসন দিয়ে হ্যাঁ-না ভোট দেবেন, সে দিন চলে গেছে। বিশ্বে এখন আর কারচুপির দিন নেই। দৃশ্য পাল্টিয়েছে। ভোটের পরে কারচুপির কথা বললে এখন মানুষ হাসে। রাজনীতিবিদ সম্পর্কে বাজে ধারণা করে। তার পরও নির্বাচন কমিশনকে নিয়ে আলোচনা হতে পারে।

ধর্মীয় কার্ড নিয়ে রাজনীতি করার জন্য বিরোধী দলের সমালোচনা করে সুরঞ্জিত সেন বলেন, ‘আপনারা বলেন, হরে কৃষ্ণ হরে রাম, আওয়ামী লীগের অপর নাম। আপনারা মন্দির, গির্জা, প্যাগোডা ভাঙেন। মনে রাখবেন, ধর্মের কোনো সীমানা নেই। এখানে যে সংখ্যালঘু, মিয়ানমারে সে সংখ্যাগুরু, ভারতে সে সংখ্যাগুরু। আশা করি, এই কার্ড গুরুত্বের সঙ্গে ব্যবহার করবেন। ধর্মীয় কার্ডের অপরাজনীতি দিয়ে বেশি দূর এগুনো যাবে না।’

দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান

জাতীয় পার্টির রওশন এরশাদ দুই নেত্রীকে আলোচনায় বসার আহ্বান জানিয়ে বলেন, সরকারি ও বিরোধী দলকে এক টেবিলে বসতে হবে। তবে প্রধানমন্ত্রীর দায়িত্ব বেশি। তিনি বঙ্গবন্ধুর কন্যা এবং প্রধানমন্ত্রী। তাঁকেই সবাইকে ডাকতে হবে। আলোচনা করতে হবে। সরকারি ও বিরোধী দলের তুমুল করতালির মধ্যে রওশন এরশাদ প্রধানমন্ত্রীর উদ্দেশে বলেন, ‘কেন আপনি এ সমস্যা সমাধান করতে পারবেন না? আপনাকে পারতে হবে। আপনাকে ছাড়ছি না।’ তিনি প্রধানমন্ত্রীকে আরও বলেন, ‘আপনি আওয়ামী লীগের নয়, জাতির প্রধানমন্ত্রী। আপনাকে জাতীয় ঐকমত্য সৃষ্টি করতে হবে।’ রওশন এরশাদ বলেন, ‘বঙ্গবন্ধুকে দলীয় কুক্ষিগত করে রাখা যাবে না। তিনি কোনো দলের নন। তিনি দেশের সম্পদ, জাতির সম্পদ। জাতীয় নেতাদের নিয়ে কটূক্তি করা ঠিক না। জন্মের জন্য কেউ দায়ী নয়। কর্মে দায়ী। যাঁরা কবরে শুয়ে আছেন, তাঁদের নিয়ে কেউ কটূক্তি করবেন না। যাঁরা গালিগালাজ করেন, তাঁরা নিজ দলের নেতাদের গালি শোনানোর জন্য অন্য দলের নেতাদের গালি দেন। প্রতিহিংসার রাজনীতি শেষ করতে হবে।’

বিএনপির জমিরউদ্দিন সরকার বলেন, বঙ্গবন্ধু নেতা ছিলেন, কিন্তু তিনি বাকশাল করেন। রক্ষীবাহিনী করেন। নেতাকে ভুল বুঝিয়ে ম্যাজিস্ট্রেটকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়ার ক্ষমতা দেওয়া হয়। তিনি বলেন, ১৫ আগস্ট করেন মুক্তিযোদ্ধা ফারুক-রশিদ। ইনডেমনিটি দেন মোশতাক, জিয়া নয়। মুশতাকের মন্ত্রিসভায় আওয়ামী লীগের নেতারা ছিলেন।

তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেন, ‘তত্ত্বাবধায়ক সরকার নিয়ে ভাবনার কিছু নেই। কারণ বিচারপতিদের দিয়ে সরকার করার সুযোগ নেই। এটা নিয়ে নতুন করে ভাবতে হবে। সে জন্য সরকার ও বিরোধী দলকে বসতে হবে। আলোচনার দ্বার খোলা। সুনির্দিষ্ট প্রস্তাব দেন। আলোচনার মাঠে আইলে হতে পারে, আপনার বাসায় হতে পারে। সুতরাং চক্রান্তে উসকানি দেবেন না।’ তিনি বলেন, ‘বিভিন্ন সময়ে ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা হয়েছে। বায়ান্নর ভাষা আন্দোলন, চুয়ান্নর যুক্তফ্রন্ট নির্বাচন, একাত্তরের মুক্তিযুদ্ধে ধর্মকে ব্যবহার করা হয়েছে। এখনো ব্যবহার হচ্ছে। ধর্মকে রাজনীতিতে ব্যবহার করা হবে কি না, সে বিষয়ে এখন সিদ্ধান্ত নিতে হবে।’

আগামী সংসদ নির্বাচন ইসি সুষ্ঠুভাবে করতে পারবে কি না, তা নিয়ে ‘সন্দেহ’ প্রকাশ করেছে মহাজোটের অন্যতম শরিক ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা। তিনি বলেন, চারটি সিটি করপোরেশন নির্বাচনে ব্যাপকভাবে আচরণবিধি লঙ্ঘন করা হয়েছে। নির্বাচনে ধর্মের ব্যবহার হয়েছে। শাপলা চত্বরে হাজার হাজার মানুষকে হত্যা করা হয়েছে বলে প্রচারণা চালানো হয়েছে।

আওয়ামী লীগের ইমরান আহমেদ সংসদে অশালীন ভাষার ব্যবহারের সমালোচনা করে বলেন, ‘সংসদে যে ভাষার ব্যবহার করা হয়, তাতে আমার শোনার আগ্রহ নষ্ট হয়ে গেছে।’

বিএনপির বরকত উল্লা বলেন, ২০০৮ সালের ২৯ ডিসেম্বর যে প্রতিকূল পরিবেশে নির্বাচন হয়েছে সেই নির্বাচন সম্পর্কে মহাজোটের শরিক হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, সেনাবাহিনী মহাজোটকে সহায়তা না করলে ১০০ বছরেও প্রধানমন্ত্রী তাঁর আসনে বসতে পারতেন না।’

আলোচনায় আরও অংশ নেন সৈয়দা সাজেদা চৌধুরী, আনিসুল ইসলাম মাহমুদ, এ বি এম রুহুল আমিন হাওলাদার, রেজা আলী, আ ক ম বাহাউদ্দিন বাহার, মোল্লা জালাল উদ্দিন, সাইফুজ্জামান চৌধুরী, জিয়াউল হক মৃধা, মুজিবুল হক চুন্নু প্রমুখ।