শরীয়তপুরের নড়িয়া পৌরসভা নির্বাচনে দুই মেয়র প্রার্থী সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন। আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলী ও স্বতন্ত্র (আওয়ামী লীগের বিদ্রোহী) মেয়র প্রার্থী শহীদুল ইসলাম গতকাল রোববার পাল্টাপাল্টি সংবাদ সম্মেলন করে নির্বাচনে প্রভাব বিস্তার, সন্ত্রাসী কর্মকাণ্ড ও কারচুপির শঙ্কা প্রকাশ করেন।
এদিকে গত শনিবার রাতে হায়দার আলীর বাড়িতে বোমা ও গুলিবর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ছাড়া তাঁর সমর্থক এক হিন্দুধর্মাবলম্বীর বাড়ির দুটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
স্থানীয় সূত্র জানায়, পৌরসভার বর্তমান মেয়র হায়দার আলী আওয়ামী লীগের প্রার্থী। দলীয় মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করছেন পৌর আওয়ামী লীগের সদস্য শহীদুল ইসলাম। মনোনয়নপত্র জমা দেওয়ার পর থেকেই আওয়ামী লীগের প্রার্থী ও তাঁর সমর্থকদের প্রচারণায় বাধা দেওয়ার অভিযোগ ওঠে। শনিবার রাত সাড়ে আটটার দিকে হায়দার আলীর কলুকাঠির বাড়িতে বোমা ও গুলি ছোড়ে দুর্বৃত্তরা। এ সময় দুটি মোটরসাইকেল ভাঙচুর করা হয় এবং তাঁর প্রতিবেশী ও সমর্থক মধু ঋষির বাড়ির দুটি ঘরে অগ্নিসংযোগ করা হয়।
ওই বাড়ির বাসিন্দা দীনেশ ঋষি বলেন, ‘রাত নয়টার দিকে দুর্বৃত্তরা আমাদের দুটি ঘরে আগুন দিয়ে পালিয়ে যায়। তখন বাড়ির পুরুষ সদস্যরা মেয়রের বাড়িতে ছিলাম। এলাকার মানুষ আগুন নিয়ন্ত্রণে আনেন।’
গতকাল বেলা দুইটার দিকে স্বতন্ত্র মেয়র প্রার্থী ও পৌরসভার বর্তমান কাউন্সিলর শহীদুল ইসলাম পৌরসভা চত্বরে সংবাদ সম্মেলন করেন। তিনি অভিযোগ করেন, ‘স্থানীয় সাংসদ শওকত আলী এলাকায় অবস্থান করছেন। তিনি আচরণবিধি লঙ্ঘন করে প্রচারণা চালাচ্ছেন। সন্ত্রাসীদের মদদ দিয়ে নড়িয়ার নির্বাচনে প্রভাব বিস্তারের চেষ্টা করছেন। শনিবার মেয়র প্রার্থী হায়দার আলীর সমর্থকদের হামলায় আমার ১৫ নেতা-কর্মী আহত হয়েছেন। এমন পরিস্থিতি চলতে থাকলে নড়িয়ায় সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান সম্ভব হবে না।’
বিকেল চারটার দিকে আওয়ামী লীগের মেয়র প্রার্থী হায়দার আলী তাঁর কলুকাঠির বাসভবনে সংবাদ সম্মেলন করেন। সেখানে তিনি অভিযোগ করেন, স্বতন্ত্র মেয়র প্রার্থী শহীদুল ইসলাম সন্ত্রাসীদের দিয়ে শনিবার তাঁর (হায়দার) বাসভবনে বোমা হামলা চালান। সন্ত্রাসীরা তাঁকে ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার জন্য গুলি চালায়। ভোটারদের মধ্যে আতঙ্ক ছড়ানোর জন্য একটি হিন্দুবাড়িতে অগ্নিসংযোগ করেছে। পুলিশ তাঁদের কোনো সহযোগিতা করছে না। শহীদুলের সন্ত্রাসী কার্যকলাপ বন্ধ করা না হলে নির্বাচন সুষ্ঠু হবে না।
নড়িয়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন বলেন, ‘স্বতন্ত্র মেয়র প্রার্থীর পক্ষে নড়িয়ার এক প্রভাবশালী ব্যক্তি কলকাঠি নাড়ছেন। তাঁরা আওয়ামী লীগের প্রার্থীকে হারানোর জন্য সন্ত্রাসী কর্মকাণ্ড চালাচ্ছেন। সহিংস পরিস্থিতি তৈরি করে তাঁরা ভোট ডাকাতির পরিকল্পনা করছেন। নড়িয়ায় সুষ্ঠু ভোট অনুষ্ঠান নিয়ে আমরা শঙ্কায় আছি।’
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরাম আলী বলেন, নড়িয়ার পরিস্থিতি এখন শান্ত রয়েছে। গুরুত্বপূর্ণ স্থানে পুলিশ মোতায়েন করা হয়েছে। শনিবারের ঘটনায় দুই পক্ষ দুটি মামলা দায়ের করেছে।
শরীয়তপুর-২ আসনের সাংসদ শওকত আলী বলেন, ‘আমি ভোট দেওয়ার জন্য বাড়িতে এসেছি। বাড়ি থেকে কোথাও বের হচ্ছি না। কোনো প্রকার নির্বাচনী প্রচারণা চালাচ্ছি না। যাঁরা অভিযোগ করেছেন, তাঁরা আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য এমন কথা প্রচার করছেন।’