চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (চউক) চেয়ারম্যান পদ থেকে আবদুচ ছালামের অপসারণের দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে জাতীয় শ্রমিক লীগের চট্টগ্রাম নগর শাখা।
গতকাল বুধবার দুপুরে চউক ভবনের মূল ফটকের বাইরে এই কর্মসূচি পালন করে সংগঠনটি। এর পাল্টা কর্মসূচি হিসেবে একই সময় চউক ভবন চত্বরে সমাবেশ ও বিক্ষোভ মিছিল করেছে চউক কর্মচারী লীগের একাংশ। দুই সংগঠনের পাল্টাপাল্টি কর্মসূচির ফলে চউকে উত্তেজনা দেখা দেয়। তবে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখে। নগর শ্রমিক লীগে আয়োজিত সমাবেশে বক্তব্য দেন সংগঠনের সভাপতি বখতেয়ার উদ্দিন খান ও চট্টগ্রাম নগর আওয়ামী লীগের শ্রমবিষয়ক সম্পাদক আবদুল আহাদ, শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কাজী মাহাবুবুল হক চৌধুরী প্রমুখ। এদিকে চউক চেয়ারম্যানের সমর্থনে পাল্টা সমাবেশ ও মিছিল করেছেন কর্মচারী লীগের একাংশ। এই সমাবেশে বক্তব্য দেন চউক অ্যামপ্লয়েজ অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক নুরুল আবসার চৌধুরী ও চউক কর্মচারী লীগের সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন প্রমুখ।