পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ঠাকুরগাঁওয়ে ১৪৪ ধারা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠাকুরগাঁওয়ের পুরোনো বাসস্ট্যান্ড এলাকায় যুবদল ও যুবলীগের পাল্টাপাল্টি সমাবেশকে কেন্দ্র করে গতকাল মঙ্গলবার ১৪৪ ধারা জারি করে জেলা প্রশাসন। সন্ধ্যা ছয়টা থেকে রাত ১২টা পর্যন্ত ১৪৪ ধারা বলবৎ ছিল।
পুলিশ সূত্রে জানা গেছে, গত সোমবার সন্ধ্যায় রাজনৈতিক পরিস্থিতি নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে যুবদলের ঠাকুরগাঁও পৌর বাসস্ট্যান্ড আঞ্চলিক শাখার সদস্য ফারুক হোসেনকে ছাত্রলীগ-যুবলীগের একই আঞ্চলিক শাখার কর্মীরা মারধর করেন। ঘটনার পর স্থানীয় লোকজন ফারুককে উদ্ধার করে সদর হাসপাতালে ভর্তি করেন। প্রতিবাদে পৌর যুবদল বাসস্ট্যান্ড এলাকায় প্রতিবাদ সভার আয়োজন করে শহরে মাইকে প্রচার চালায়। বেলা তিনটার দিকে যুবলীগও একই স্থানে সমাবেশের ঘোষণা দিয়ে মাইকে প্রচার চালায়।
জেলা যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নুর বলেন, যুবদলের সমাবেশ পণ্ড করতে যুবলীগ একই জায়গায় সমাবেশ ডাকে।
জেলা যুবলীগের সাধারণ সম্পাদক আবদুল মজিদ বলেন, যুবদল নিজেদের কোন্দলের দায় যুবলীগ-ছাত্রলীগের ঘাড়ে চাপানোর চেষ্টা করছে। সেই অপচেষ্টার প্রতিবাদে ওই এলাকায় সমাবেশ ডাকা হয়েছিল।
জেলা ম্যাজিস্ট্রেট মুকেশ চন্দ্র বিশ্বাস বলেন, অপ্রীতিকর ঘটনা এড়াতে সেখানে ১৪৪ ধারা জারি করা হয়।