পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় আলফাডাঙ্গায় ১৪৪ ধারা জারি
ফরিদপুরের আলফাডাঙ্গা উপজেলা পরিষদ এবং এর আশপাশের এলাকায় গতকাল শুক্রবার সকাল থেকে বিকেল পর্যন্ত ১৪৪ ধারা জারি করা হয়। তিনটি সংগঠন উপজেলা পরিষদ মিলনায়তনে একই সময়ে সমাবেশ ডাকায় প্রশাসন এই সিদ্ধান্ত নেয়। উপজেলা কার্যালয় সূত্রে জানা গেছে, গত ৩০ জুলাই উপজেলা যুবদলের সম্মেলনের জন্য শুক্রবার উপজেলা মিলনায়তন ব্যবহারের অনুমতি দেওয়া হয়। কিন্তু গত বৃহস্পতিবার উপজেলা যুবলীগ ও উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ একই দিন উপজেলা মিলনায়তনে সভা করার অনুমতি চেয়ে আবেদন করে। এ ঘটনার পরিপ্রেক্ষিতে উপজেলা প্রশাসন মিলনায়তন ব্যবহারে যুবদলের আগের অনুমোদনটি বাতিল করে এবং অন্য দুটি সংগঠনকে মিলনায়তন ব্যবহারের অনুমতি না দিয়ে উপজেলা কমপ্লেক্স এলাকায় ১৪৪ ধারা জারি করে। প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, উপজেলা মিলনায়তনে সম্মেলনের অনুমোদন বাতিল হওয়ায় উপজেলা যুবদল আলফাডাঙ্গার সীমান্তবর্তী বোয়ালমারীর শেখর ইউনিয়নের মাগুরা সিদ্দিকীয়া হাফিজিয়া নূরানী মাদ্রাসা মাঠে গতকাল সকালে সম্মেলন করে। অপর দিকে উপজেলা যুবলীগ ও মুক্তিযোদ্ধা সংসদ গতকাল সকালে আলফাডাঙ্গা বাজার এলাকায় মিছিল ও সমাবেশ করে।