পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় দেড় ঘণ্টার ১৪৪ ধারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের নান্দাইল উপজেলার মুশুলি ইউনিয়ন আওয়ামী লীগ ও সাংসদের সমর্থকেরা তারঘাট বাজারে সমাবেশ ডাকায় প্রশাসন গতকাল বৃহস্পতিবার বেলা তিনটায় ১৪৪ ধারা জারি করে। দেড় ঘণ্টা পর তা প্রত্যাহার করে নেওয়া হয়।
তারঘাট বাজারের চারজন ব্যবসায়ীর সঙ্গে কথা বলে জানা যায়, আওয়ামী লীগ এখানে পূর্বনির্ধারিত কর্মী সমাবেশ আয়োজন করে। সমাবেশে উপস্থিত থাকার কথা ছিল উপজেলা আওয়ামী লীগের সভাপতি মেজর জেনারেল (অব.) আবদুস সালাম, সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ভূঁইয়া প্রমুখ।
দলীয় সূত্রে জানা যায়, তারঘাট বাজারে আওয়ামী লীগ কার্যালয়ের সামনে সমাবেশ আয়োজনের প্রস্তুতি চলার সময় নান্দাইল আসনের সাংসদ মো. আনোয়ারুল আবেদিন খানের সমর্থকেরা একই স্থানে সমাবেশের ডাক দেন। এতে দুই পক্ষের মধ্যে চরম উত্তেজনা দেখা দিলে খবর পেয়ে নান্দাইল মডেল থানার ওসি আতাউর রহমানের নেতৃত্বে বিপুলসংখ্যক পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে ঘটনাস্থল ত্যাগ করতে বলে।
এ সময় নান্দাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মাদ শাহানুর আলম ১৪৪ ধারা জারি করেন।
উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম অভিযোগ করেন, ‘আমরা সরকারি দলের হয়েও সমাবেশ করতে পারছি না। আমাদের শান্তিপূর্ণ কর্মী সমাবেশ কোনো কারণ ছাড়াই পণ্ড করে দিচ্ছে পুলিশ।’
অভিযোগ প্রসঙ্গে ওসি আতাউর রহমান বলেন, আইনশৃঙ্খলা রক্ষা ও জানমালের নিরাপত্তা বিধান করতে পুলিশ উভয় পক্ষকে তারঘাট বাজার ত্যাগ করতে বলে। মোহাম্মাদ শাহানুর আলম বলেন, পরিস্থিতি উন্নতি হওয়ায় দেড় ঘণ্টা পর ১৪৪ ধারা প্রত্যাহার করার নির্দেশ দেন তিনি। পরে আওয়ামী লীগ নির্ধারিত কর্মী সমাবেশ করে।
এ বিষয়ে সাংসদ আনোয়ারুল আবেদিন খানের সমর্থক মুশুলি ইউনিয়ন যুবলীগের সভাপতি মো. কামাল উদ্দিন বলেন, তারঘাট বাজারের কার্যালয়ে তাঁদের পূর্বনির্ধারিত বর্ধিত সভা হচ্ছিল। এতে ওয়ার্ড যুবলীগের সভাপতি-সম্পাদকেরা অংশ নেন। আওয়ামী লীগের নেতারা জামতলা বাজার থেকে তাঁদের সমাবেশটি সরিয়ে তারঘাট বাজারে সরিয়ে এনে গোলযোগ সৃষ্টির চেষ্টা করলে পুলিশ তাঁদের সভা বন্ধ করে চলে যেতে বলে।