পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় ১৪৪ ধারা, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরের বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির অনিয়ম ও দুর্নীতি নিয়ে দুই পক্ষ পাল্টাপাল্টি সমাবেশ ডাকায় গতকাল সোমবার সকালে ১৪৪ ধারা জারি করেছে প্রশাসন।এদিকে ১৪৪ ধারা জারির প্রতিবাদে উপজেলা পরিষদের চেয়ারম্যান খায়রুল আলম এবং বিদ্যালয়ের দাতা সদস্য মোস্তাফিজুর রহমানের লোকজন বিরামপুরের ঢাকা মোড় অবরোধ করেন। বেলা ১১টা থেকে সন্ধ্যা ছয়টা পর্যন্ত অবরোধ চলে।বিকেল পাঁচটার দিকে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট এনামুল হক ঘটনাস্থলে এসে উপজেলা চেয়ারম্যান, পৌর মেয়রসহ আন্দোলনকারী দুই পক্ষের সঙ্গে বৈঠক করেন। আগামী দু-এক দিনের মধ্যে ঘটনার তদন্ত করার আশ্বাস দিলে আন্দোলনকারীরা সন্ধ্যায় অবরোধ তোলে নেন।২০ জুলাই প্রথম আলোয় ‘বিরামপুর পাইলট উচ্চবিদ্যালয়: প্রধান শিক্ষক ও সভাপতির বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ’ শিরোনামে প্রতিবেদন প্রকাশিত হয়।স্থানীয় লোকজন জানান, বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি লিয়াকত আলী ও প্রধান শিক্ষক আরমান হোসেন পক্ষ এবং চেয়ারম্যান খায়রুল আলম ও দাতা সদস্য মোস্তাফিজুর রহমান পক্ষ বিদ্যালয় প্রাঙ্গণে সকাল ১০টায় পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করে। উভয় পক্ষই দুই দিন ধরে সমাবেশের জন্য এলাকায় মাইকিং করে। এ নিয়ে এলাকায় উত্তেজনা দেখা দেয়।বিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসির উদ্দিন মণ্ডল জানান, সমাবেশ নিয়ে ওই এলাকায় উত্তেজনা দেখা দিলে তিনি ইউএনওকে ১৪৪ জারির অনুরোধ করেন।সরেজমিনে দেখা গেছে, ১৪৪ ধারা জারির প্রতিবাদে ঢাকা মোড়ে সড়ক অবরোধ করায় দিনাজপুর-ঢাকা মহাসড়ক, বিরামপুর-নবাবগঞ্জ ও বিরামপুর-হাকিমপুর সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। অবরোধে রাস্তার দুই পাশে কয়েক শ যানবাহন আটকা পড়ে। মোস্তাফিজুর রহমান জানান, বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের অনিয়ম ও দুর্নীতির প্রতিবাদে ডাকা সমাবেশ ভন্ডুল করতেই পাল্টাপাল্টি সমাবেশ আহ্বান করা হয়েছে।লিয়াকত আলী জানান, তাঁর রাজনৈতিক সুনাম নষ্ট করতে উপজেলা চেয়ারম্যানের ইন্ধনে এসব করা হচ্ছে। তদন্তে অনিয়ম ধরা পড়লে তিনি যেকোনো শাস্তি মাথা পেতে নেবেন বলে জানান।প্রধান শিক্ষক আরমান হোসেন জানান, তদন্তে সত্য বেরিয়ে আসবে বুঝতে পেরে বিশৃঙ্খলা করা হচ্ছে।ইউএনও রোখছানা বেগম জানান, ১৫ জুলাই বিদ্যালয়ের এক দাতা সদস্য সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে অনিয়ম-দুর্নীতির অভিযোগ দেন। অভিযোগের তদন্ত চলছে। কিন্তু হঠাৎ দুই পক্ষ সমাবেশ আহ্বান করায় ১৪৪ ধারা জারি করা হয়েছে।