পাল্টাপাল্টি হরতাল চলছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-নারায়ণগঞ্জের  লিংক রোডে বাঁধন পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডে বাঁধন পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে গোলাম আযমের রায়ের প্রতিবাদে আজ মঙ্গলবার পাল্টাপাল্টি হরতাল চলছে। সকাল থেকে দুপুর ১২টা পর্যন্ত রাজধানীর হরতালের পরিস্থিতি অনেকটাই শান্তিপূর্ণ। মিছিল ছাড়া হরতাল আহ্বানকারীদের তেমন কোনো তত্পরতা চোখে পড়েনি।
গোলাম আযমের ৯০ বছরের কারাদণ্ডাদেশের প্রতিবাদে আজ সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল পালন করছে জামায়াতে ইসলামী ও গণজাগরণ মঞ্চের আন্দোলনে যুক্ত ১১টি ছাত্র-যুব সংগঠন। জামায়াতের দাবি গোলামের আযমের মুক্তি। আর ছাত্র-যুব সংগঠনগুলো হরতাল ডেকেছে গোলাম আযমের ফাঁসির দাবিতে।
হরতাল আহ্বানকারী গণজাগরণ মঞ্চ ও ছাত্র সংগঠনগুলো সকাল থেকে শাহবাগ ও এর আশপাশের এলাকায় কয়েক দফা মিছিল করেছে। পুলিশ সংগঠনগুলোর নেতা-কর্মীদের বাধা দেওয়ার চেষ্টা করলেও বাধা উপেক্ষা করে তাঁরা মিছিল করেছেন। তবে শাহবাগ মোড়ে অবস্থান নিতে চেষ্টা করলে পুলিশ তাঁদের সরিয়ে দেয়। পরে তাঁরা জাতীয় জাদুঘরের সামনের রাস্তায় অবস্থান নেন।
হরতালের সমর্থনে রাজধানীর ২০টি স্থানে গণজাগরণ মঞ্চের কর্মীরা অবস্থান নিয়েছেন বলে জানা গেছে। পুলিশি বাধা উপেক্ষা করে সকালে বিক্ষোভ মিছিল করেছে গণজাগরণ মঞ্চ।

গোলাম আযমের ফাঁসির দাবিতে হরতাল আহ্বানকারী সংগঠনগুলো হচ্ছে—ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট (খালেকুজ্জামান), ছাত্রফ্রন্ট (মবিনুল হায়দার), ছাত্র ফেডারেশন, বিপ্লবী ছাত্রমৈত্রী, বাংলাদেশ ছাত্রমৈত্রী, ছাত্রঐক্য ফোরাম, ছাত্র সমিতি, জাসদ ছাত্রলীগ, বিপ্লবী ছাত্রসংহতি ও যুব ইউনিয়ন। গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার হরতাল সমর্থন করে তা সফল করতে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন।

ঢাকা-নারায়ণগঞ্জের  লিংক রোডে বাঁধন পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য
ঢাকা-নারায়ণগঞ্জের লিংক রোডে বাঁধন পরিবহন নামের একটি বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। ছবি: পাপ্পু ভট্টাচার্য্য

জামায়াতের ডাকা হরতালে দেশের বিভিন্ন স্থানে বিচ্ছিন্ন সহিংসতার খবর পাওয়া গেছে। তবে রাজধানীতে জামায়াত-শিবিরের কর্মীদের তেমন কোনো তত্পরতা দেখা যায়নি। সকালে কয়েকটি স্থানে ঝটিকা মিছিল করেছেন জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা।
মিরপুর আল হেলাল হাসপাতালের বিপরীত দিক থেকে সকাল সাতটার দিকে শিবিরের কর্মীরা মিছিল বের করেন। পুলিশ মিছিলে ধাওয়া দিয়ে একজনকে আটক করা হয় বলে মিরপুর অঞ্চলের সহকারী পুলিশ সুপার (এএসপি) শাখাওয়াত হোসেন জানিয়েছেন।
হরতালকে কেন্দ্র করে রাজধানীজুড়ে কড়া নিরাপত্তাব্যবস্থা নিয়েছে পুলিশ। বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়কের মোড়ে র্যাব ও পুলিশ মোতায়েন আছে।
সকাল থেকে ঢাকার রাজপথে বাস, সিএনজিচালিত অটোরিকশা, রিকশা ও মোটরসাইকেল চলতে দেখা গেছে। তবে ব্যক্তিগত গাড়ির সংখ্যা বেশ কম।
মহাখালী ও গাবতলী বাস টার্মিনাল থেকে দূরপাল্লার বাস ছেড়ে যায়নি। দোকানপাট সকালের দিকে বন্ধ থাকলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে খুলতে শুরু করছে। তবে স্বাভাবিক কর্মদিবসের চেয়ে দোকানপাট খোলার সংখ্যা কম।

ঢাকার বাইরে সাতক্ষীরার কালীগঞ্জে জামায়াত-শিবিরের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে। এতে জামায়াত-শিবিরের দুই কর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় উভয় পক্ষে বেশ কয়েকজন আহত হয়েছেন। চট্টগ্রামের পতেঙ্গায় একটি মিনি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

সকাল নয়টার দিকে ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের ভূঁইগড় এলাকায় বাঁধন পরিবহনের যাত্রীবাহী একটি বাসে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।