নোয়াখালীর সেনবাগে গত সোমবার দিবাগত রাতে দুর্ধর্ষ এক ডাকাতি সংঘটিত হয়েছে। উপজেলার কেশারপাড় ইউনিয়নের কলাবাড়িয়া গ্রামের বজল বেপারির বাড়িতে ওই ঘটনা ঘটে।সশস্ত্র ডাকাতেরা কৌশলে ঘরে ঢুকে নগদ নয় লাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালংকারসহ মূল্যবান মালামাল লুট করে। এ সময় ডাকাতদের সঙ্গে বাড়ির লোকজনের পাল্টাপাল্টি হামলায় এক নারী ও দুই ডাকাতসহ অন্তত পাঁচজন আহত হয়েছে। আহত ব্যক্তিদের মধ্যে বজল বেপারীর নাতি কলেজছাত্র গোলাম কিবরিয়া ওরফে সৈকতকে (১৮) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে, ছেলে আবদুল কাদেরকে (২৩) নোয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ছাড়া পাল্টা হামলায় আহত কবির মাহমুদ (২৮) নামের এক ডাকাত একই হাসপাতালে ভর্তি হলে সেনবাগ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। তিনি ওই হাসপাতালে পুলিশ পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।গৃহকর্তা বজলের রহমান প্রথম আলোকে বলেন, সোমবার দিবাগত রাত আনুমানিক দুইটার দিকে ২৫-৩০ জনের একদল সশস্ত্র ডাকাত তাঁর বাড়িতে হানা দেয়। ডাকাতদের কয়েকজন কৌশলে ঘরের সিঁদ কেটে ভেতরে ঢুকে দরজা খুলে দিতেই তাঁদের ঘুম ভেঙে যায়। এ সময় ডাকাতেরা অস্ত্রের মুখে পরিবারের সদস্যদের জিমিঞ্চ করে লুটপাট শুরু করে। একপর্যায়ে সুযোগ পেয়ে তাঁর নাতি কিবরিয়া ও পুত্র কাদের ডাকাতদের প্রতিরোধ করার চেষ্টা করলে ডাকাতেরা এলোপাতাড়ি কোপায় এবং লাঠি দিয়ে মারধর করতে থাকে। এ সময় তাঁর নাতিও ছেনি দিয়ে ডাকাতদের প্রতিহত করার চেষ্টা করেন। এতে ডাকাতদের দুজন আহত হয়।গৃহকর্তা আরও জানান, ডাকাতেরা ঘরের আলমারির তালা ভেঙে ভেতরে থাকা নগদ নয় নাখ টাকা, প্রায় আট ভরি স্বর্ণালঙ্কারসহ মূল্যবান মালামাল লুট করে নিয়ে যায়। সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুর রহমান ডাকাতির ঘটনা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।