পাল্টে গেল পরীক্ষার ফল!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক নিয়োগ পরীক্ষা কমিটির বিতর্কিত সেই ব্যক্তির দেওয়া তালিকাই যাচ্ছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে। লিখিত ও মৌখিক পরীক্ষার ফলাফলের ভিত্তিতে তৈরি তালিকা বাদ দিয়ে বিতর্কিত ওই ব্যক্তির দেওয়া পাঁচ শ জনকে বেশি নম্বর দিয়ে নতুন তালিকা অধিদপ্তরে পাঠানো হচ্ছে বলে জানা গেছে।কয়েক কোটি টাকা লেনদেনের মাধ্যমে দিনাজপুরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান ও সহকারী শিক্ষক নিয়োগে মৌখিক পরীক্ষার ফলাফল পাল্টে ফেলা হয়েছে বলে অভিযোগ উঠেছে। যেসব প্রার্থী টাকা দিয়েছেন নতুন তালিকায় তাঁদের বেশি বেশি নম্বর দেওয়া হয়েছে বলে জানা গেছে। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের দোতলায় সদর উপজেলার বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের দশজন শিক্ষক-শিক্ষিকাকে দিয়ে হাতে লিখে নতুন ওই তালিকা তৈরি করা হয়। গত সোমবার থেকে কাজটি শুরু হয়ে বৃহস্পতিবার শেষ হয়। জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা তাঁর কার্যালয়ে কারা, কিসের তালিকা তৈরির কাজ করছেন, এ ব্যাপারে কিছুই জানেন না বলে দাবি করেছেন।জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ের একটি সূত্র জানায়, গত বৃহস্পতিবার রাতের মধ্যেই তালিকা তৈরির কাজটি শেষ করে গতকাল শুক্রবার বিশেষ বাহকের মাধ্যমে সেই তালিকা ঢাকায় পাঠানো হয়েছে।গত বুধবার দুপুরে জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে গিয়ে দেখা যায়, ভবনের দ্বিতীয় তলায় আটজন নারী ও দুজন পুরুষ হাতে লিখে তালিকা তৈরির কাজ করছেন। খোঁজ নিয়ে জানা যায়, তাঁরা সদর উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক। তাঁরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী ও প্রধান শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণকারী প্রার্থীদের নামের তালিকা তৈরি করছেন।জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সিরাজুল ইসলাম প্রথম আলোকে বলেন, জেলায় ৮৬০টি সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে। প্রধান শিক্ষকের ৪২টি শূন্য পদের বিপরীতে ১৮৬ জন ও সহকারী শিক্ষক পদে ১৪২টি শূন্য পদের বিপরীতে দুই হাজার ৮৯৬ জন প্রার্থী মৌখিক পরীক্ষায় অংশ নেন। অবশ্য শিক্ষার্থী বৃদ্ধির কারণে বিদ্যালয়গুলোতে সহকারী শিক্ষকের পদ বাড়ানো হবে। সেই হিসেবে প্রধান ও সহকারী শিক্ষকসহ চার শতাধিক নতুন শিক্ষক নেওয়া হবে। লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা গত ৮ জুন থেকে শুরু হয়ে ২৬ জুন শেষ হয়।পরীক্ষা গ্রহণে জেলা প্রশাসক সভাপতি, সদস্য সচিব জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা এবং মন্ত্রণালয়ের প্রতিনিধি হিসেবে ছিলেন ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মনোনীত একজন সদস্য। এই তিন সদস্য নিয়ে গঠিত পরীক্ষা কমিটি লিখিত পরীক্ষায় উত্তীর্ণদের মৌখিক পরীক্ষা নেয়। এঁদের মধ্যে ভূমি প্রতিমন্ত্রী মোস্তাফিজুর রহমান মনোনীত সদস্য হলেন পার্বতীপুর উপজেলার ভবানীপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসার অধ্যক্ষ মো. হাসান মাসুদ। ইতিপূর্বে তাঁর মনোনয়ন নিয়ে স্থানীয় সাংসদসহ জেলার বিশিষ্ট ব্যক্তিরা আপত্তি তুলেছিলেন।জানা গেছে, মৌখিক পরীক্ষা শেষে কমিটির সদস্য মো. হাসান মাসুদ প্রায় পাঁচ শ প্রার্থীর একটি তালিকা দেন। সেই তালিকাভুক্তদের সর্বোচ্চ নম্বর দিয়ে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে তালিকা পাঠাতে বলেন। জেলা প্রাথমিক শিক্ষা কার্যালয়ে সেই তালিকা তৈরির কাজই চলছিল।সহকারী শিক্ষক পদে মৌখিক পরীক্ষায় অংশ নিয়েছিলেন দিনাজপুর সদর উপজেলার শংকরপুর ইউনিয়নের এক প্রার্থী। তিনি জানান, গত ১১-১২ জুন তিনি হাসান মাসুদের সঙ্গে দেখা করতে তাঁর পার্বতীপুরের বাসায় যান। শিক্ষক নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া তাঁর পরিচিত অনেক প্রার্থীর সঙ্গে দেখা হয় সেদিন। তাঁরা সবাই অগ্রিম দেড় লাখ টাকা করে দিয়েছেন। চাকরি পেলে বাকি এক লাখ টাকা দেবেন। কিন্তু তাঁর কাছ থেকে হাসান মাসুদ বা তাঁর লোকজন কোনো টাকা নেননি। তবে টাকা নিয়ে কোনো প্রার্থীর নাম তালিকাভুক্ত করার কথা অস্বীকার করেছেন হাসান মাসুদ।অপরদিকে, জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাও এ ধরনের চাকরি-বাণিজ্যের সঙ্গে জড়িত বলে অভিযোগ পাওয়া গেছে। তাঁর কার্যালয়ের একজন পদস্থ কর্মকর্তা প্রার্থীদের কাছ থেকে আড়াই থেকে তিন লাখ টাকা নিয়েছেন। তবে জেলা শিক্ষা কর্মকর্তা মো. সিরাজুল ইসলাম প্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়ার কথা অস্বীকার করেছেন।প্রসঙ্গত, গত ২১ জুলাই প্রথম আলোতে ‘দিনাজপুরে প্রাথমিক শিক্ষক নিয়োগ: কমিটির বিতর্কিত সদস্যের নির্দেশে নতুন তালিকা!’ শিরোনামে একটি প্রতিবেদন ছাপা হয়।