পাল্টে গেল ভোটের হিসাব-নিকাশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে জামায়াতে ইসলামীর প্রার্থীর মনোনয়নপত্র প্রত্যাহার করায় বিএনপি-সমর্থিত মোসাদ্দেক হোসেন এখন ১৮-দলীয় জোটের একক প্রার্থী। এতে ১৫ জুনের ভোটের হিসাব-নিকাশ পাল্টে গেছে বলে মনে করছেন অনেকে।

বিএনপির আশা, জামায়াতের ভোটব্যাংক এখন মোসাদ্দেকের হবে। তবে আওয়ামী লীগ বলছে, বিএনপিকে জামায়াতের সমর্থনের কারণে ভোটের হিসাব সত্যিই পাল্টে যাবে। কারণ, গত পাঁচ বছরে তারা যে তাণ্ডব চালিয়েছে, তাতে করে মানুষ তাদের দিক থেকে মুখ ফিরিয়ে নেবে।গতকাল রোববার মহানগর জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি মোহাম্মদ জাহাঙ্গীরের মেয়র পদের প্রার্থিতা প্রত্যাহার করা হয়। তিনি কারাগারে থাকায় তাঁর পক্ষে প্রস্তাবকারী আনোয়ার হোসেন ও আইনজীবী শফিকুল ইসলাম উপস্থিত থেকে প্রার্থিতা প্রত্যাহার করেন।

ফলে মেয়র পদে প্রতিদ্বন্দ্বিতায় রইলেন চারজন। তাঁরা হলেন সদ্য বিদায়ী মেয়র আওয়ামী লীগের এ এইচ এম খায়রুজ্জামান, বিএনপির মোসাদ্দেক হোসেন, রাজশাহী সচেতন নাগরিক সমাজের প্রার্থী ব্যবসায়ী হাবিবুর রহমান ও রাজশাহী বিপ্লবী নাগরিক সমাজের প্রার্থী মহানগর জিয়া পরিষদের সহসভাপতি মীর মোজাম্মেল আলী। ২০০৮ সালের ৪ আগস্ট সর্বশেষ নির্বাচনে মেয়র পদে ১৫ জন প্রতিদ্বন্দ্বিতা করলেও মূল লড়াই হয়েছিল খায়রুজ্জামান ও মোসাদ্দেকের মধ্যে। এবারও তারই আভাস দেখা যাচ্ছে। গত নির্বাচনে খায়রুজ্জামান পেয়েছিলেন ৯৮ হাজার ৩৬০ ভোট এবং মোসাদ্দেক পেয়েছিলেন ৭৪ হাজার ৫৫০ ভোট। আওয়ামী লীগের অপর দুই প্রার্থী পেয়েছিলেন ছয় হাজার ৪১২ ভোট। জাতীয় পার্টির দুই প্রার্থী পেয়েছিলেন দুই হাজার ৯৫০ ভোট। আর বিএনপি-সমর্থক তিন প্রার্থী মিলে পেয়েছিলেন ২২ হাজার ৯৫৭ ভোট।

এবার খায়রুজ্জামান ১৪ দলের একক প্রার্থী। এ ছাড়া গত শনিবার জেলা জাতীয় পার্টির সদস্যসচিব সাহাবুদ্দিন বাচ্চুর সভাপতিত্বে মতবিনিময় সভায় খায়রুজ্জামানকে দলের সমর্থন দেওয়া হয়। ফলে এত দিন জামায়াতের প্রার্থী থাকায় খায়রুজ্জামান সুবিধাজনক অবস্থায় ছিলেন।

কিন্তু গতকাল জাহাঙ্গীরের প্রার্থিতা প্রত্যাহারে এ চিত্র বদলে গেছে। স্থানীয় লোকজন বলছেন, জামায়াত যেকোনো মূল্যে বিএনপির প্রার্থীকে বিজয়ী করাতে চায়। এ নিয়ে আওয়ামী লীগের অনেকেই চিন্তিত। তবে মহাজোটের নির্বাচন পরিচালনা কমিটির আহ্বায়ক ও সদর আসনে ওয়ার্কার্স পার্টির সাংসদ ফজলে হোসেন বাদশা বলেন, জামায়াত বিএনপির প্রার্থীকে সমর্থন দেওয়ায় নির্বাচন পরিস্থিতিতে কোনো মৌলিক পরিবর্তন আসবে না। গত পাঁচ বছরে জামায়াত দেশে যে সহিংসতা দেখিয়েছে, এর দায় চাপবে বিএনপির ঘাড়ে। রাজশাহীতে জামায়াত ট্রেনে আগুন দিয়েছে। বিএনপি এর নিন্দা করেনি। পাশাপাশি হেফাজতে ইসলামকে সরাসরি সমর্থন দিয়েছে। এসব কারণে জামায়াত বিএনপির জন্য সুফল বয়ে আনবে না। এর বিপরীতে রাজশাহীতে এবার নারী ভোটার বেড়েছে এবং গৃহস্থালিতে গ্যাস-সংযোগ দেওয়া হচ্ছে। এ জন্য মহাজোটের প্রার্থীই অনেক সুবিধাজনক অবস্থানে থাকবেন।

জামায়াত প্রার্থিতা প্রত্যাহার করায় এর সুফল পাওয়ার ব্যাপারে বেশ আশাবাদী বিএনপি। নির্বাচন থেকে সরে দাঁড়িয়ে মোসাদ্দেকের সঙ্গে কাজ করছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক। কাজ করছেন সাবেক মেয়র ও বিএনপির যুগ্ম মহাসচিব মিজানুর রহমানও।

জানতে চাইলে শফিকুল হক বলেন, তাঁদের সম্মিলিত নাগরিক ফোরামের প্রার্থীর (মোসাদ্দেক) সঙ্গে জামায়াত, বিএনপি ও সুশীল সমাজের প্রতিনিধিসহ সব শ্রেণী-পেশার মানুষ রয়েছেন। এ ছাড়া সরকারের দুর্নীতি, স্বজনপ্রীতি, দলীয়করণ ও দেশ পরিচালনার ব্যর্থতার প্রভাব এ নির্বাচনে পড়বে। এখানে জামায়াতের সমর্থন অবশ্যই ভোটারদের উৎসাহিত করবে। বিএনপির প্রার্থীই জয়ী হবেন।