পাল্টে যাচ্ছে তেজগাঁও শিল্পাঞ্চল
শুধু শিল্পাঞ্চলের চরিত্র পাল্টে শিল্প-বাণিজ্য-আবাসন—এই তিনের মিশেলে তেজগাঁও শিল্পাঞ্চলকে রূপান্তরের নতুন মহাপরিকল্পনা (মাস্টারপ্ল্যান) তৈরি করছে গণপূর্ত অধিদপ্তর। প্রধানমন্ত্রীর অনুমোদনের পর তা আনুষ্ঠানিকভাবে জানানো হবে।
৫০০ একরের বেশি জায়গা নিয়ে গত শতকের পঞ্চাশের দশকে গড়ে ওঠা রাজধানীর তেজগাঁও শিল্প এলাকার চিরাচরিত সেই চেহারা থাকছে না। এখান থেকে সরে যাবে চলচ্চিত্র উন্নয়ন করপোরেশন (এফডিসি), কেন্দ্রীয় খাদ্যগুদাম (সিএসডি গোডাউন) ও অবৈধভাবে গড়ে ওঠা ট্রাকস্ট্যান্ডের মতো পুরোনো স্থাপনাগুলো। ফাঁকা হয়ে যাওয়া জায়গাগুলোতে তৈরি হবে বহুতল আবাসিক ও বাণিজ্যিক ভবন, বিশেষায়িত হাসপাতাল, কনভেনশন সেন্টার, আন্তর্জাতিক মানের হোটেলসহ বিভিন্ন স্থাপনা। সেই সঙ্গে পুরোনো শিল্পপ্রতিষ্ঠান ও সরকারি স্থাপনাগুলোর খোলনলচে বদলিয়ে গোটা এলাকাটিকে গড়ে তোলা হবে একটি দৃষ্টিনন্দন অঞ্চল (আইকনিক জোন) হিসেবে।
গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সূত্রে জানা যায়, গত বছরের ৮ সেপ্টেম্বর মন্ত্রিপরিষদ তেজগাঁও শিল্প এলাকার রূপান্তরের এই প্রস্তাব অনুমোদন দেয়। পরে মন্ত্রী মোশাররফ হোসেনের নির্দেশে প্রথম পর্যায়ে স্থাপত্য অধিদপ্তরের প্রধান স্থপতির নেতৃত্বে একটি বিশেষজ্ঞ কমিটি পরিকল্পনার খসড়া তৈরির কাজ শুরু করে।
পরিকল্পনার অগ্রগতি নিয়ে গণপূর্ত অধিদপ্তরের প্রধান প্রকৌশলী কবির আহমেদ ভূঁঞা প্রথম আলোকে বলেন, ‘সম্ভাব্যতা যাচাই, রাজউক প্রণীত জিআইএস মানচিত্রের হালনাগাদকরণ, শিল্প এলাকায় অবস্থিত বিভিন্ন সরকারি-বেসরকারি স্থাপনা ও প্রতিষ্ঠানের ডেটাবেইস তৈরিসহ পরিকল্পনার খসড়া তৈরির কাজ প্রায় শেষ পর্যায়ে। জায়গাটিকে আমরা একটা আইকনিক জোন হিসেবে গড়ে তুলতে চাইছি। আয়তনে তেজগাঁও শিল্প এলাকাটি মতিঝিলের চেয়েও বড়। আমাদের পরিকল্পনার মূল জায়গাটি হচ্ছে, এর প্রতিটি স্থানের যথার্থ ব্যবহার নিশ্চিত করে এলাকাটিকে একটি বাণিজ্যকেন্দ্র (বিজনেস হাব) হিসেবে গড়ে তোলা। সেই সঙ্গে হালকা, দূষণমুক্ত ও স্বল্প শ্রমঘন শিল্পের পাশাপাশি এখানে স্বল্প পরিসরে আবাসনের সুবিধাও থাকবে।
অধিদপ্তর সূত্রে জানা যায়, তেজগাঁও শিল্প এলাকায় সরকারি-বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠানের জন্য বরাদ্দ করা প্লটের সংখ্যা ৪৩০টি। এর মধ্যে ১৬ একরের বেশি জায়গাজুড়ে রয়েছে সিএসডি গোডাউন। এফডিসির আয়তন আট একরের বেশি। প্রস্তাবিত মহাপরিকল্পনায় সিএসডি গোডাউন ও এফডিসি সুবিধাজনক জায়গায় সরিয়ে নিয়ে সেখানকার কিছু জায়গা মিশ্র ব্যবহারের জন্য নির্দিষ্ট রেখে বাকি অংশ প্লট আকারে বিক্রির সুপারিশ করা হয়েছে। যাতে প্লট বিক্রির অর্থ দিয়ে এলাকার সরকারি প্রতিষ্ঠানগুলোর পুনর্বিন্যাসের কাজ করা যেতে পারে।
পরিকল্পনার খসড়া তৈরির জন্য গঠিত উপকমিটির আহ্বায়ক গণপূর্ত অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী এস এ এম ফজলুল কবির। শিল্পাঞ্চল এলাকার কেন্দ্রীয় ঔষধাগার, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর, ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট এবং বিজি প্রেসসহ সরকারি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে তিনি বলেন, ‘এসব প্রতিষ্ঠানের জন্য বরাদ্দকৃত প্লটের বিদ্যমান ব্যবহার বেশির ভাগ ক্ষেত্রে পরিবর্তন করা যাবে না। তবে ভবনগুলোর সৌন্দর্যবর্ধনের ব্যবস্থা নেওয়া হবে এবং পুরোনো আবাসিক ভবনগুলো বহুতলবিশিষ্ট ভবন দিয়ে প্রতিস্থাপন করা হবে।
ফজলুল কবির আরও বলেন, এ এলাকার প্লটগুলো আয়তনে ঢাকার অন্য এলাকার প্লটের চেয়ে বড়। তাই বেসরকারি পর্যায়ের শিল্প প্লটগুলো ছাড়াও ব্যক্তিমালিকানাধীন প্লটে হালকা শিল্পকারখানা স্থাপনে অনুমতি প্রদানের পাশাপাশি এসব প্লটের বাণিজ্যিক ব্যবহার নিশ্চিত করার জন্য সার্ভিস অ্যাপার্টমেন্ট, তারকাসম্পন্ন হোটেল, বিশেষায়িত শিক্ষাপ্রতিষ্ঠান ও হাসপাতাল, ছোট ও মাঝারি আকারের কনভেনশন সেন্টার এবং বাণিজ্যিক ভবন স্থাপনের অনুমোদন দেওয়ার জন্য সুপারিশ করা হয়েছে। তবে এর জন্য প্রতিটি প্লটের সঙ্গে নিজস্ব পানি, বর্জ্য ও পয়ঃশোধনাগার প্ল্যান্ট থাকতে হবে। থাকতে হবে সৌরবিদ্যুৎ উৎপাদন ও বৃষ্টির পানি সংরক্ষণের ব্যবস্থা।
এ বিষয়ে কথা হয় নগর গবেষণা কেন্দ্রের চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলামের সঙ্গে। তেজগাঁও শিল্পাঞ্চলকে একটি শিল্প, বাণিজ্য ও আবাসিক এলাকা হিসেবে রূপান্তরের সরকারি উদ্যোগকে সাধুবাদ জানিয়ে তিনি বলেন, ‘তেজগাঁওয়ের বড় আকারের অধিকাংশ শিল্প প্লটে এখনো এক তলার স্থাপনা। এটা কোনোভাবেই ন্যায়সংগত হতে পারে না। তবে নতুন এই মহাপরিকল্পনার মধ্য দিয়ে ভূমি ব্যবহারে যে পরিবর্তন আসতে যাচ্ছে, তাতে বাণিজ্যিক মুনাফার পাশাপাশি সামাজিকভাবেও মানুষ কীভাবে লাভবান হতে পারে সে ব্যাপারে খেয়াল রাখতে হবে।
এ জন্য কিছু প্লট বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাস স্থাপনের জন্য বরাদ্দ দেওয়া যেতে পারে জানিয়ে অধ্যাপক নজরুল আরও বলেন, ‘ঢাকার অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব কোনো ক্যাম্পাস নেই। একটি ক্যাম্পাসের জন্য ন্যূনতম এক একর জায়গা রাখার বিধান আছে। তেজগাঁওয়ের প্লটগুলোর যে আকার, তাতে এ রকম কিছু প্লটে ক্যাম্পাস স্থাপনসহ শিক্ষার্থীদের আবাসনের ব্যবস্থা অনায়াসেই করা যেতে পারে।
এ ছাড়া রূপান্তর প্রক্রিয়ায় হালকা ইলেকট্রনিক শিল্প গড়ে তোলার ওপর গুরুত্ব দেওয়া উচিত হবে বলে মনে করেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক এই চেয়ারম্যান। তিনি বলেন, এ ধরনের শিল্পের সুবিধা হলো এর পরিবেশগত প্রভাব কম এবং একটি বহুতল ভবনে অনেক কারখানা স্থাপনের সুযোগ থাকে। হংকং এর প্রকৃষ্ট উদাহরণ।
এ পরিকল্পনা প্রণয়নের জন্য গঠিত উপকমিটির সদস্য তেজগাঁও শিল্প মালিক কল্যাণ সমিতির সহসভাপতি ও কল্লোল গ্রুপ অব কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক গোলাম মোস্তফা। তিনি বলেন, ‘তেজগাঁও শিল্পাঞ্চলের রূপান্তর প্রক্রিয়াটি এখন সময়ের দাবি। মতিঝিল ছাড়া এই মুহূর্তে ঢাকায় বিশেষায়িত কোনো বাণিজ্যিক এলাকা নেই। এ ক্ষেত্রে গুলশান, বনানী, ধানমন্ডি, বারিধারা কিংবা মোহাম্মদপুরের মতো আবাসিক এলাকাগুলোতে যেসব বাণিজ্যিক প্রতিষ্ঠান গড়ে উঠেছে, সেগুলোও এখানে সরিয়ে নেওয়ার সুযোগ তৈরি হবে।