
পটুয়াখালীর কলাপাড়া উপজেলার লালুয়া ইউনিয়ন এখন নদী আর সাগরের সঙ্গে একাকার হয়ে গেছে। বর্তমানে ভূখণ্ডটি চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে।
সাগর মোহনাসংলগ্ন রাবনাবাদ নদের প্রবল স্রোতে ইউনিয়নের চাড়িপাড়া গ্রামের বিকল্প বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে যাওয়ায় প্রায় প্রতিদিনই জোয়ারের পানি লোকালয়ে প্রবেশ করছে। গত পাঁচ দিনে ওই বাঁধের দুই কিলোমিটার নদীগর্ভে বিলীন হয়েছে। ভেসে গেছে ইউনিয়নের ২৫০টি কাঁচা ঘরবাড়ি। পানির নিচে ডুবে রয়েছে কৃষকের খেত। ইউনিয়নের ১১টি গ্রামের সবগুলোই এখন পানিতে থই থই করছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, প্রতিবছর বর্ষা মৌসুমে জলোচ্ছ্বাস আর নদীভাঙনে বিলীন হচ্ছে ইউনিয়নের ভূখণ্ড। এরই মধ্যে কমপক্ষে নয় বর্গকিলোমিটার ভূখণ্ড নদীগর্ভে বিলীন হয়েছে। ফলে পাল্টে যাচ্ছে ইউনিয়নের মানচিত্র। মজবুত বাঁধ নির্মাণসহ যথাযথ পরিকল্পনা গ্রহণ করা না হলে এই জনপদটি পুরোপুরি বিলীন হওয়ার আশঙ্কা করা হচ্ছে।
ইউনিয়ন ভূমি কার্যালয় থেকে জানা গেছে, কয়েক বছর ধরে রাবনাবাদ নদের ভাঙনের কারণে লালুয়ার নয়াকাটা মৌজাটি পুরোপুরি বিলীন হয়েছে। বানাতিপাড়া মৌজার কমপক্ষে তিন ভাগের এক ভাগ এবং চান্দুপাড়া মৌজার ১৬ ভাগের এক ভাগ নদীগর্ভে চলে গেছে। ইউনিয়ন ভূমি সহকারী কর্মকর্তা মো. আবদুল জব্বার বলেন, তিনটি মৌজার কমপক্ষে দুই হাজার একর ভূমি নদীগর্ভে বিলীন হয়েছে। এ-সংক্রান্ত প্রতিবেদন চলতি বছরের জানুয়ারিতে উপজেলা ভূমি কার্যালয়ে জমা দেওয়া হয়েছে।
লালুয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) হিসাব অনুযায়ী, ইউনিয়নের মোট আয়তন ছিল ৪৯ বর্গকিলোমিটার। ক্রমান্বয়ে তা কমে বর্তমানে দাঁড়িয়েছে ৪০ বর্গকিলোমিটারে। এই হিসাব অনুযায়ী, নয় বর্গকিলোমিটার জমি নদীতে বিলীন হয়েছে।
কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কলাপাড়া কার্যালয় থেকে জানা গেছে, জোয়ারের পানিতে বানাতিপাড়া কৃষি ব্লকের এক হাজার ৫০০ হেক্টর জমি পুরোপুরি তলিয়ে গেছে। আউশখেত এবং আমনের বীজতলা পুরোপুরি নষ্ট হয়েছে। উপজেলা কৃষি কর্মকর্তা মো. মসিউর রহমান বলেন, পানি উন্নয়ন বোর্ড (পাউবো) বাঁধ নির্মাণে ব্যর্থ হলে ওই এলাকার জনজীবন মারাত্মক হুমকির মধ্যে পড়বে।
সরেজমিনে দেখা গেছে, ইউনিয়নের হাঁটার পথগুলো চার থেকে পাঁচ ফুট পানির নিচে। বসতবাড়িতে পানি ঢুকে পড়েছে। ইউপি কার্যালয় থেকে জানা গেছে, ইউনিয়নের ২৫০টি কাঁচাঘর ভেঙে গেছে। পানির নিচে ডুবে রয়েছে কমপক্ষে ১০০টি নলকূপ। দেখা দিয়েছে গো-খাদ্যের সংকট।
চাড়িপাড়া গ্রামের জেলে জয়নাল হাওলাদার বলেন, ‘এই ফিরের পানির চাপটা বেশি মোনে অইতেছে। দ্যাহেন না চাইরদিকে ক্যামনে পানি হানছে। ঘর-দুয়ারে থাহনেরও কোনো অবস্থা নাই।’ নাওয়াপাড়া গ্রামের কৃষক মো. মজিবর রহমান বলেন, ‘বাঁধ ভাইঙ্গা যাওনে মোগো সব আশা-ভরসা শ্যাষ অইয়া গ্যাছে। মোগো কপালডাই পুইর্যা গ্যাছে। চাষবাস কইর্যা যে খামু হেইরহম অবস্থাও নাই।’
ইউপি চেয়ারম্যান তারিকুজ্জামান ক্ষোভ প্রকাশ করে বলেন, ঘূর্ণিঝড়ে ভেঙে যাওয়া বাঁধ যথাযথভাবে মেরামত করা হলে এমন দুরবস্থা হতো না। পাউবোর কলাপাড়া কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সফি উদ্দিন বলেন, পূর্ণিমার প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে চাড়িপাড়া অংশের দুই কিলোমিটার বাঁধ ভেঙে গেছে। নতুন করে বাঁধ নির্মাণের জন্য কমপক্ষে ৫০ কোটি টাকা প্রয়োজন। বরাদ্দ পেলে শুকনো মৌসুমে বাঁধ নির্মাণের কাজ শুরু করা হবে।
পটুয়াখালীর জেলা প্রশাসক অমিতাভ সরকার বলেন, প্রতিবছরই লালুয়া ইউনিয়নে বাঁধ ভেঙে যাচ্ছে। দুর্ভোগে পড়ছে সেখানকার বাসিন্দারা। তাদের সহায়তার জন্য ১০০ টন চাল বরাদ্দ চাওয়া হয়েছে। পাউবোকেও প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য বলা হয়েছে।