
রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ বলেছেন, মালদ্বীপে যেমন হাজার খানেক দ্বীপ রয়েছে, কিশোরগঞ্জের হাওরের প্রায় ১ হাজার ২০০ গ্রামকেও মালদ্বীপের দ্বীপগুলোর মতো মনে হয়। তবে ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম সড়কের নির্মাণকাজ শেষ হলে পাল্টে যাবে হাওরের চেহারা।
কিশোরগঞ্জের হাওরের তিন উপজেলা ইটনা-মিঠামইন-অষ্টগ্রামকে সংযুক্তকারী একটি সড়ক ও ১০টি সেতুর নির্মাণকাজের উদ্বোধন শেষে গতকাল বৃহস্পতিবার এক জনসভায় এসব কথা বলেন রাষ্ট্রপতি। মিঠামইনের ডাকবাংলো মাঠে এ জনসভা অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথি আবদুল হামিদ বলেন, ‘আমি কোনো দলের নই, সবার রাষ্ট্রপতি। আমাকে ভোট দিতে দিতে এলাকার লোকজন বৃদ্ধ হয়ে গেছে, আর আমিও ভোট নিতে নিতে বৃদ্ধ হয়ে গেছি। তাই এলাকার জন্য কিছু করে যেতে হবে।’
দেশের সামগ্রিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করে আবদুল হামিদ বলেন, এলাকার চলমান উন্নয়ন কাজগুলো বাস্তবায়িত হলে ভবিষ্যৎ প্রজন্ম উন্নতি ও প্রগতির দিকে এগিয়ে যাবে। ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম ‘অলওয়েদার’ সড়ক নির্মাণ শেষ হলে বর্ষাকালেও তিন উপজেলার মধ্যে সড়ক যোগাযোগ অব্যাহত থাকবে। ভবিষ্যতে অষ্টগ্রাম থেকে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের সঙ্গে সড়ক যোগাযোগের ব্যবস্থা করা হবে। তখন হাওরের লোকজন সড়কপথে যেকোনো স্থানে যাতায়াত করতে পারবে।
রাষ্ট্রপতি আরও বলেন, তিনটি উপজেলায় এর আগে সাবমারসিবল (ডুবো) সড়ক নির্মিত হওয়ায় হাওরের মানুষকে এখন জেলা শহরে গিয়ে হোটেল ভাড়া গুনতে হয় না। কারণ, আগে হাওরের মানুষকে এক দিনের জন্য শহরে গিয়ে তিন দিন থাকতে হতো। এখন দু-তিন ঘণ্টাতেই তারা জেলা শহরে যেতে পারছে।
কিশোরগঞ্জ জেলা পরিষদের প্রশাসক মো. জিল্লুর রহমানের সভাপতিত্বে জনসভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক, কিশোরগঞ্জ-৪ আসনের সাংসদ রেজওয়ান আহাম্মদ ও মিঠামইন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আবদুস সাহিদ ভূঁইয়া।
এর আগে বেলা ১১টার দিকে হেলিকপ্টারযোগে মিঠামইনে পৌঁছান রাষ্ট্রপতি আবদুল হামিদ। স্থানীয় ডাকবাংলোতে সংক্ষিপ্ত বিশ্রাম শেষে তিনি ডাকবাংলো মাঠে ইটনা-মিঠামইন-অষ্টগ্রামের ২৯ দশমিক ১৫ কিলোমিটার দীর্ঘ ওই ‘অলওয়েদার’ সড়ক নির্মাণকাজের ফলক উন্মোচন করেন। ৬০ কোটি টাকার এ প্রকল্পের নির্মাণকাজ শেষ হবে ২০১৮ সালের জুনে।
পরে উপজেলার খাটখাল এলাকায় চারটি সেতুর নির্মাণকাজের উদ্বোধন করেন রাষ্ট্রপতি। সেখান থেকে অন্য ছয়টি সেতুর নির্মাণকাজের উদ্বোধন ঘোষণা করেন তিনি। এরপর বেলা চারটার দিকে হেলিকপ্টারযোগে ঢাকার উদ্দেশে রওনা হন আবদুল হামিদ।