মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় চেয়ারম্যান পদে আওয়ামী লীগের পাঁচ ও বিএনপির দুই ‘বিদ্রোহী’ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এ ‘বিদ্রোহী’ প্রার্থীরা দল-মনোনীত প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে প্রচারণা চালাচ্ছেন।
আওয়ামী লীগের দলীয় সূত্রে জানা গেছে, উপজেলার বর্নি ইউনিয়নে আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এনাম উদ্দিন। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি শামীম আহমদও প্রার্থী হয়েছেন।
তালিমপুর ইউনিয়নে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিদ্যুৎ কান্তি দাস দলের প্রার্থী। আওয়ামী লীগের নেতা ও বর্তমান চেয়ারম্যান সুনাম উদ্দিনও প্রার্থী হয়েছেন। তাঁরা দুজনই এখন নির্বাচনের মাঠ চষে বেড়াচ্ছেন। বিদ্যুৎ কান্তি দাস গতকাল রোববার প্রথম আলোকে বলেন, ‘ওর (সুনাম উদ্দিন) জনপ্রিয়তা জিরো। তাঁর বিরুদ্ধে ইউপি সদস্যরা অনাস্থা এনেছিলেন। আমার সঙ্গে দলের সব নেতা-কর্মী আছেন। তবে কেউ ইন্ধন দিলেও দিতে পারে। কিন্তু কোনো প্রমাণ নেই। সে (সুনাম উদ্দিন) টাকাপয়সা ছড়িয়ে বিভ্রান্তি ছড়াচ্ছে।’ সুনাম উদ্দিন বলেন, ‘টাকা ছড়ানোর অভিযোগ ঠিক না। আমার কোনো টাকাপয়সা নাই। আমি গরিব মানুষ। গরিবের বন্ধু বলে জনগণই “সোনাই বন্ধু” নাম রাখছে।’
দক্ষিণভাগ উত্তর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী এনাম উদ্দিন। দলের নেতা ও বর্তমান চেয়ারম্যান নজরুল ইসলামও প্রার্থী হয়েছেন। দুজনই প্রচারণার মাঠে আছেন। এনাম উদ্দিন বলেন, ‘বিদ্রোহী প্রার্থী দলীয় ভোটে কোনো প্রভাব ফেলবে না। গত নির্বাচনে তাঁর (নজরুল) কাছে ১ ভোটে হেরেছিলাম। আর এবার তো দলের সবাই আমার সাথে আছে।’
দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আজির উদ্দিন। এখানে আওয়ামী লীগের সদস্য মহিউদ্দিন আহমদ ওরফে আদনান প্রার্থী হয়েছেন। তাঁরা দুজনেই সমানভাবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নাহিদ আহমদ ওরফে বাবলু। এখানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন প্রার্থী হয়েছেন। বিদ্রোহী প্রার্থী সাহাব উদ্দিন বলেন, ‘দীর্ঘ ২০ বছর ধরে আমি এখানে দলের মাঠকর্মী হিসেবে সমস্ত কাজকর্ম করে যাচ্ছি। যাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আওয়ামী লীগের কোনো কাজে তাঁকে পাইনি। আমি প্রার্থী হতে চাইনি। দলের নেতা-কর্মীর চাপে প্রার্থী হয়েছি।’
বড়লেখা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘কেন্দ্র থেকে এ বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত আসেনি। যাঁরা দলের বাইরে প্রার্থী হয়েছেন, কেন্দ্রে তাঁদের নাম পাঠানো হয়েছে। সিদ্ধান্ত এলেই ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে বিএনপির তিন বিদ্রোহী প্রার্থীও দলীয় মনোনয়ন পাওয়ার চেষ্টা করেছিলেন। এ তিনজনের মধ্যে দাসেরবাজার ইউনিয়নে বিএনপির বিদ্রোহী চেয়ারম্যান প্রার্থী রহিম উদ্দিন ওরফে নজরুল মনোনয়নপত্র প্রত্যাহার করায় এখন শুধু দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নে বিএনপির দুজন বিদ্রোহী প্রার্থী রয়েছেন। এখানে দল মনোনয়ন দিয়েছে আব্দুল মুকিত ওরফে লুলুকে। আর বিদ্রোহী প্রার্থী হয়েছেন বিএনপির নেতা নজরুল ইসলাম ও ইকবাল হোসেন। ইকবাল হোসেন প্রথম আলোকে বলেন, ‘এখানে সাতটি ওয়ার্ডের তৃণমূলের ২১টি ভোটের মধ্যে আমি পেয়েছি ১৭টি। আব্দুল মুকিত পেয়েছেন তিনটি ও নজরুল ইসলাম পেয়েছেন একটি ভোট। দুটি ওয়ার্ডে চা-বাগান থাকায় সেখানে আমাদের কমিটি নেই। স্থানীয় দল থেকে আমার প্রার্থিতাই সুপারিশ করা হয়েছে। জানি না, কোন অদৃশ্য কারণে আমার প্রতীক ছিনতাই করা হলো।’ তিনি বলেন, সুষ্ঠু ও নিরপেক্ষ ভোট হলে তিনি জয়ের ব্যাপারে আশাবাদী।
উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মুজিবুর রহমান খছরু বলেন, ‘তিনি (ইকবাল হোসেন) যে কথা বলেছেন তা ঠিকই আছে। কেন্দ্রে তাঁর নাম সুপারিশও করা হয়। তবে আমরা দলের সিদ্ধান্তের সাথে আছি। দলের সিদ্ধান্ত অনুযায়ী কাজ করছি।’