পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে দুই ছাত্র নিহত
পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে প্রাণ হারিয়েছেন দুই ছাত্র। গত শুক্রবার রাতে পাবনা-ঢাকা সড়কের সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দাবাড়িয়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আরও এক ছাত্র আহত হন। দুর্ঘটনার পর ওই সড়কে প্রায় এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।
নিহত ছাত্ররা হলেন ঢাকার উত্তর বাড্ডা এলাকার আবুল হাশেমের ছেলে ও ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ছাত্র অনিক আহমেদ (২২), শাহজাদপুর উপজেলার চরকাদই গ্রামের আবদুল মালেকের ছেলে ও উল্লাপাড়া বিজ্ঞান কলেজের ছাত্র আকাশ হোসেন (২১)। আহত ছাত্রের নাম মোমেন উদ্দীন (২৩)।
তাঁর বাড়ি পাবনার বেড়া উপজেলায় ও তিনি আহছানউল্লাহ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে শাহজাদপুরে বন্ধুদের বাড়িতে বেড়াতে এসে তাঁরা দুর্ঘটনার শিকার হন।
পুলিশ জানায়, গত শুক্রবার রাত আটটার দিকে উপজেলার বাঘাবাড়ী বন্দর এলাকা থেকে পাঁচটি মোটরসাইকেলে ১৫ জন বন্ধু পাল্লা দিয়ে শাহজাদপুর উপজেলা শহরের দিকে আসছিলেন। এর মধ্যে একটি মোটরসাইকেলে ছিলেন অনিক, আকাশ ও মোমেন উদ্দীন। পাবনা-ঢাকা সড়কের দাবাড়িয়া এলাকায় পৌঁছালে তাঁদের মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এ সময় বিপরীত দিক থেকে আসা ঢাকা থেকে পাবনাগামী একটি যাত্রীবাহী বাসের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এতে বাসের নিচে চাপা পড়ে ঘটনাস্থলেই অনিক ও আকাশ মারা যান। অপর আরোহী মোমেন উদ্দীন বাইরে ছিটকে পড়ে গুরুতর আহত হন। তাঁকে প্রথমে শাহজাদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হওয়ায় তাঁকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনার পর সড়কে প্রায় এক ঘণ্টা যানবাহন চলাচল বন্ধ থাকে। খবর পেয়ে শাহজাদপুর থানার পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পরে হাটিকুমরুল হাইওয়ে থানার পুলিশ এসে লাশ দুটি উদ্ধার করে নিয়ে যায়।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী ফরিদ জানান, গত শুক্রবার দিবাগত রাতেই ওই দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় মামলা করা হয়েছে।