পাল্লা দিয়ে মোটরসাইকেল চালাতে গিয়ে নিহত ২
টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের মধুপুর বনাঞ্চলে নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে মোটরসাইকেল ধাক্কা লেগে দুই আরোহী নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত দুজন হলেন টাঙ্গাইল শহরের হাজরাঘাট এলাকার লিয়াকত আলীর ছেলে হাসনাত চৌধুরী হিমেল (২৪) ও মো. মজনু মিয়ার ছেলে সিরাজুল ইসলাম সোহাগ (২৫)।
মধুপুরের অরনখোলা পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম বলেন, টাঙ্গাইল শহরের কয়েকজন যুবক কয়েকটি মোটরসাইকেল নিয়ে বনাঞ্চলের রাস্তা দিয়ে প্রতিযোগিতা করছিলেন। দুপুর সাড়ে ১২টার দিকে টেলকি এলাকায় তাঁদের একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের গাছের সঙ্গে তীব্র গতিতে ধাক্কা লাগে। এতে মোটরসাইকেলের আরোহী সোহাগ ঘটনাস্থলেই মৃত্যুবরণ করেন। হিমেলকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে গুরুতর আহত অবস্থায় আনা হয়। উন্নত চিকিৎসার জন্য ঢাকা পাঠানোর পথে মির্জাপুর এলাকায় তাঁর মৃত্যু হয়।