পাল্লাতল সীমান্তে জমি জরিপ চুক্তি অনুযায়ী হয়নি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার পাল্লাতল সীমান্তে প্রটোকল চুক্তি অনুযায়ী জমি জরিপ হয়নি বলে অভিযোগ করেছে বাংলাদেশ আদিবাসী ফোরামের প্রতিনিধিদল। গতকাল মঙ্গলবার ওই প্রতিনিধিদল পাল্লাতল সীমান্ত পরিদর্শন করে।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঐক্য ন্যাপের সভাপতি পংকজ ভট্টাচার্যের নেতৃত্বে সাত সদস্যের প্রতিনিধিদল সকাল ১০টার দিকে পাল্লাতল সীমান্তে যায়। দলে অন্যান্যের মধ্যে মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি জিয়া উদ্দীন তারিক আলী, বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতি নূর মোহাম্মদ তালুকদার, আদিবাসী ফোরামের কেন্দ্রীয় কমিটির সদস্য দীপায়ন খীসা, বাংলাদেশ পরিবেশ আন্দোলনের (বাপা) কেন্দ্রীয় কমিটির সদস্য জোসেফ গোমেজ, গণমাধ্যমকর্মী নোমান চৌধুরী, স্থানীয় আন্তপুঞ্জি সংগঠন কুবরাজের সাধারণ সম্পাদক ফ্লোরা বাবলি তালাং প্রমুখ ছিলেন। প্রতিনিধিদলের সদস্যরা সীমান্তে অবস্থিত পাল্লাতল পুঞ্জির (খাসিয়া সম্প্রদায়ের গ্রাম) লোকজনের সঙ্গে কথা বলেন। পাল্লাতল সীমান্তের বিপরীতে ভারতের আসাম রাজ্যের করিমগঞ্জ জেলা।
প্রতিনিধিদলের সদস্য দীপায়ন খীসা মুঠোফোনে প্রথম আলোকে বলেন, ‘সীমান্ত প্রটোকল চুক্তিতে বলা হয়েছে, পাল্লাতল সীমান্তের ১৩৭০ নম্বর প্রধান সীমান্তখুঁটির ৩ নম্বর উপখুঁটি থেকে ১৩৭১ নম্বর প্রধান খুঁটির ৬ নম্বর উপখুঁটি পাল্লাতল চা-বাগানের বাইরে এবং ১৩৭২ নম্বর প্রধান খুঁটি থেকে ১৩৭৩ নম্বর প্রধান খুঁটির ২ নম্বর উপখুঁটি পানজুমের বাইরে থাকবে। অথচ বাংলাদেশ ও ভারতের যৌথ জরিপ দল এ চুক্তি অনুযায়ী জরিপ করেনি। সরেজমিনে দেখা গেছে, জরিপে পাল্লাতলে পানজুমের অনেক জায়গা ভারতের অংশে ঢুকে গেছে। এ পুঞ্জিতে ৫০টি খাসিয়া পরিবার থাকে। পানচাষ তাদের একমাত্র জীবিকা। মানবিক বিবেচনায় বিষয়টি দুই দেশের উচ্চপর্যায়ে ভাবা দরকার। ঢাকায় ফিরে আমরা এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে কথা বলব।’
তবে পাল্লাতল সীমান্তে দায়িত্বে থাকা বাংলাদেশের জরিপ দলের চার্জ অফিসার ও ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের কানুনগো আবদুল হক গতকাল বিকেলে মুঠোফোনে বলেন, পাল্লাতলে ভারতের ৩৬০ একর জমি বাংলাদেশের অপদখলে ছিল। জরিপে সেখানে প্রায় ৭৪ একর জমি বাংলাদেশ পেয়েছে। বাকিটা পেয়েছে ভারত। সীমান্ত প্রটোকল চুক্তি ও জরিপের নির্দেশক মানচিত্র (ইনডেক্স ম্যাপ) অনুযায়ী সেখানে সীমান্তখুঁটি স্থাপনের স্থান নির্ধারণ করা হয়েছে বলে তিনি দাবি করেন। আজ বুধবার থেকে নির্ধারিত স্থানে পাকা খুঁটি স্থাপনের কাজ শুরু হবে।