পাশ থেকে মাটি কাটায় দেবে গেছে সেতু
ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নের ছলিম বিশ্বাস ডাঙ্গি জামে মসজিদসংলগ্ন সেতুর একাংশ গত বুধবার দেবে গেছে। সরকারি নিষেধাজ্ঞা থাকার পরও সেতুর পাশ থেকে মাটি কেটে বিক্রি করার কারণে এ সমস্যার সৃষ্টি হয়েছে। জমির মালিকেরা মাটি কেটে ইটভাটায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। সদর উপজেলা প্রকৌশলীর কার্যালয় সূত্রে জানা গেছে, ২০০৬ সালে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) উদ্যোগে বৃহত্তর ফরিদপুর পল্লি অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় সিএন্ডবি ঘাট থেকে গোলডাঙ্গি সড়কের ছলিম বিশ্বাস ডাঙ্গি জামে মসজিদসংলগ্ন এলাকায় সেতুটি নির্মাণ করা হয়। এ জন্য ৫৯ লাখ ২২ হাজার ১১৫ টাকা বরাদ্দ করা হয়। ২০০৬ সালের ৯ জুন ১০০ মিটার দীর্ঘ এ সেতুর নির্মাণকাজ শেষ হয়।জানা গেছে, গত বুধবার বেলা দুইটার দিকে মাটিবোঝাই একটি পিকআপ-ভ্যান সেতুর ওপর দিয়ে যাওয়ার সময় এর প্রায় ২০ মিটার অংশ দুই ফুট দেবে গেছে। এলাকাবাসী অভিযোগ করে জানায়, পানি উন্নয়ন বোর্ডের নিয়ম অনুযায়ী নদীর পাড় থেকে ৩০০ ফুট এবং সেতুর চারপাশে ৫০০ ফুট এলাকার মধ্যে মাটি কাটার কোনো নিয়ম নেই। কিন্তু এ নিয়ম উপেক্ষা করে উল্লিখিত সেতুর পাশের জমির মালিক আজহার মোল্লাসহ অন্যরা তাঁদের জমির মাটি ইটভাটার মালিকদের কাছে বিক্রি করে দিচ্ছেন। শুক্রবার সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় পাশের আট থেকে ১০ ফুট দূর থেকে মাটি কেটে নেওয়া হয়েছে। দেবে যাওয়ায় সেতুর ওপর দিয়ে টেম্পো ও ঘোড়ার গাড়ির চলাচল বন্ধ হয়ে গেছে। টেপুরাকান্দি গ্রামের নূরুদ্দীন বিশ্বাস বলেন, সেতু ঘেঁষে মাটি কাটা বন্ধ করার জন্য তাঁরা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের কাছে আবেদন করেছেন; কিন্তু তাতে কোনো কাজ হয়নি। স্থানীয় নর্থ চ্যানেল ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান শেখ আবদুস সালাম জানান, এ সেতু দিয়ে তাঁর ইউনিয়নের পাঁচটি ওয়ার্ড ও পাশের চর মাধবদিয়া ইউনিয়নের তিনটি ওয়ার্ডের প্রায় ১৫ হাজার লোক যাতায়াত করে। স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের ফরিদপুর কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম বলেন, ‘আমি সরেজমিনে দেখে প্রতিবেদন দেওয়ার জন্য উপজেলা প্রকৌশলীকে নির্দেশ দিয়েছি।’