পাশ থেকে মাটি কেটে নেওয়ায় সড়কে ফাটল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাদারীপুরের কালকিনি উপজেলায় সদ্য সংস্কার করা সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়ায় সড়কে ফাটল দেখা দিয়েছে। স্থানীয় একটি ইটভাটার জন্য ওই মাটি কাটা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, কালকিনি বাজার থেকে বাশগাড়ী ইউনিয়ন পর্যন্ত প্রায় ১০ কিলোমিটার সড়কটির অবস্থা খুবই বেহাল ছিল। তিন মাস আগে মাদারীপুরের স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর সড়কটির সংস্কার করে। তবে সম্প্রতি স্থানীয় সরদার ব্রিকের ভাটার জন্য এই সড়কের পাশ থেকে মাটি কেটে নেওয়া শুরু হয়। এতে কালকিনি-খাসের হাট সড়কে ধস দেখা দেয়। এরই মধ্যে বিভিন্ন স্থানে সড়কের পাশের মাটি ধসে গেছে। বাশগাড়ী ইউনিয়নের উড়ার চর গ্রামের নুরউদ্দিন বলেন, সড়ক সংস্কার হওয়ায় এলাকাবাসীর অনেক উপকার হয়েছে। কিন্তু সড়কটি আবার নষ্ট হলে এলাকাবাসীকে দুর্ভোগ পোহাতে হবে। তাই সড়কের সুরক্ষায় এখনই প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সড়কটি আবার ব্যবহার-অনুপযোগী হয়ে পড়বে।
এ বিষয়ে সরদার ব্রিকের স্বত্বাধিকারী জামাল সরদারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও তাঁকে পাওয়া যায়নি।
উপজেলা প্রকৌশলী মো. মামুন বিশ্বাস জানান, সড়কের পাশ থেকে মাটি না কাটার জন্য ভাটার মালিককে বলা হয়েছে। মাদারীপুর এলজিইডির জেলা নির্বাহী প্রকৌশলী মোতালেব বিশ্বাস জানান, উপজেলা প্রকৌশলীকে বিষয়টি দেখতে বলা হয়েছে। তিনি অবস্থা দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন।