পাশবিকতার শিকার মেয়েটি মিলল গর্তে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ধ্যায় বন্ধুদের সঙ্গে খেলছিল সাত বছরের মেয়েটি। এক যুবক এসে রুটি-কলা খাওয়ানোর কথা বলে মেয়েটিকে নিয়ে যায়। পরের দিন রোববার সকালে মেয়েটিকে পাওয়া যায় জঙ্গলের ভেতরের একটি গর্তে। ধর্ষণের শিকার মেয়েটি তখন কাঁপছিল ভয়ে। এ ঘটনার পর ভয় ও লজ্জায় গতকাল সোমবার পর্যন্ত আইনগত ব্যবস্থা নেয়নি শিশুটির অভিভাবকেরা। শিশুটিকে গোপনে একটি হাসপাতালে চিকিৎসা করাচ্ছেন তাঁরা।পাশবিক নির্যাতনের শিকার ওই মেয়েটির মা পেশায় পোশাক শ্রমিক, বাবা ভ্যানচালক। থাকেন রাজধানীর অদূরে আশুলিয়ায়।স্থানীয় লোকজন ও মেয়েটির খেলার সাথিদের ভাষ্যমতে, গত শনিবার সন্ধ্যায় মেয়েটি বাসার পাশে খোলা জায়গায় সমবয়সীদের সঙ্গে খেলছিল। এ সময় তাঁর বাবা-মা বাসায় ছিলেন না। সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এক যুবক এসে মেয়েটিকে আদর করে কোলে নেয়। ওই যুবক মেয়েটিকে রুটি-কলা খাওয়ানো এবং তাদের বাসায় বেড়ানোর কথা বলে সেখান থেকে নিয়ে যায়। রাত আটটার দিকে মেয়েটির মা কর্মস্থল থেকে বাসায় ফিরে মেয়েকে না পেয়ে প্রতিবেশীদের বাসায় খোঁজ করেন। কোনো হদিস না পাওয়ায় মসজিদের মাইকে মেয়েটির নিখোঁজ সংবাদ ঘোষণা করা হয়। রাতভর খোঁজ করেও মেয়েটির সন্ধান পাওয়া যায়নি। ওই এলাকার ব্যবসায়ী আনোয়ার হোসেন প্রথম আলোকে বলেন, রোববার সকাল সাতটার দিকে তিনি বাসা থেকে কয়েক শ গজ দূরে একটি জঙ্গলের পাশ দিয়ে যাচ্ছিলেন। এ সময় মেয়েটি ‘আঙ্কেল, আমাকে বাঁচান’ বলে চিৎকার করতে থাকে। তিনি এগিয়ে গিয়ে একটি গভীর গর্তে মেয়েটিকে দেখতে পান। তখনো ওই গর্ত থেকে ওপরে ওঠার চেষ্টা করছিল মেয়েটি। পরে মেয়েটিকে উদ্ধার করে তিনি বাসায় পৌঁছে দেন। আনোয়ার বলেন, গর্ত থেকে তোলার সময় শিশুটির শরীর দিয়ে রক্ত ঝরছিল এবং সে ভয়ে কাঁপছিল।শিশুটির মা বলেন, লোকটি ফুসলিয়ে তাঁর মেয়েকে নিয়ে ধর্ষণ করে অচেতন অবস্থায় জঙ্গলের ভেতরে গভীর গর্তে ফেলে রেখে যায়। মেয়েটি জানিয়েছে, ওই লোকটিকে সে চেনে না। লোকটি ফরসা ও লম্বা। মেয়েটির এক প্রতিবেশী জানিয়েছেন, প্রভাবশালীদের হুমকির কারণে মেয়েটির পরিবার ঘটনাটি চেপে যাওয়ার চেষ্টা করছে।ভয়ে প্রভাবশালীদের কারও নাম বলেননি মেয়েটির বাবা। তিনি প্রথম আলোকে বলেন, ‘আগে মেয়েটি বাঁচুক। তারপর থানা-পুলিশ করা যাবে।’এ ব্যাপারে আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম বলেন, ‘ধর্ষণের কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।’