পাশাকে নিজেদের কর্মী বলে অস্বীকার ছাত্রদলের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে জাতীয়তাবাদী ছাত্রদলের দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় আটক অস্ত্রধারী শহিদুজ্জামান পরশ ওরফে পাশা ছাত্রদলের কোনো ইউনিটের সদস্য নন। ছাত্রদলের সঙ্গে তাঁর সম্পৃক্ততাও নেই।বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল গতকাল শনিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি করে। এতে আরও বলা হয়, পাশা নামে যে অস্ত্রধারী ব্যক্তি ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ছাত্রদলের নেতাদের ওপর হামলা চালিয়েছেন, তিনি ছাত্রদলের হতে পারেন না।১৯ জানুয়ারি পদ পাওয়া ও পদবঞ্চিত নেতা-কর্মীদের মধ্যে গোলাগুলি ও মারামারিতে প্রায় ৩০ জন আহত হন। এই সংঘর্ষের ঘটনায় অস্ত্রধারী এক যুবকের ছবি বিভিন্ন গণমাধ্যমে ফলাও করে প্রচারিত হয়। পরে গত বৃহস্পতিবার শনির আখড়া থেকে পাশাকে গ্রেপ্তার করে মহানগর গোয়েন্দা পুলিশ।প্রতিবেদকের বক্তব্য: ঘটনার দিন পুলিশ, গোয়েন্দা সংস্থা, ছাত্রদলের নেতা-কর্মী ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে নিশ্চিত হওয়া যায় যে পাশা ছাত্রদলের কর্মী। এমনকি গ্রেপ্তারের পর গোয়েন্দা পুলিশের কাছেও পাশা স্বীকার করেছেন যে তিনি ছাত্রদলের একজন কর্মী। ঢাকা কলেজে থাকাকালে তিনি ছাত্রদলের হয়ে নিয়মিত মিছিল-সমাবেশ করতেন। জরুরি অবস্থার সময় খালেদা জিয়া মুক্তি পরিষদের ঢাকা কলেজ শাখার আহ্বায়কও ছিলেন পাশা।