পাশাপাশি শেষ নিদ্রায় দুই বান্ধবী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুরে সড়ক দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর স্মরণে গতকাল মঙ্গলবার ইকবাল সিদ্দিকী কলেজে শোকসভা হয়েছে। তাদের মধ্যে একই গ্রামের দুই বান্ধবীর কবর দেওয়া হয়েছে পাশাপাশি।
গত সোমবার মহাসড়কটির মাস্টারবাড়ি এলাকায় একটি যাত্রীবাহী লেগুনা নিয়ন্ত্রণ হারিয়ে ঢাকাগামী একটি কাভার্ড ভ্যানের পেছনে ধাক্কা দেয়। এতে গাজীপুর সিটি করপোরেশনের ভাওরাইদ গ্রামের জামাল মিয়ার মেয়ে সাদিয়া আফরিন, ফরহাদ হোসেনের মেয়ে ফারহানা আক্তার, উত্তর সালনা এলাকার গিয়াস উদ্দিনের মেয়ে খাদিজা আক্তার, কাপাসিয়া উপজেলার মির্জানগর এলাকার জাকির হোসেন ও ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার বাঘাইতলা গ্রামের সরুজ আলীর ছেলে বিল্লাল হোসেন নিহত হন। এর মধ্যে সাদিয়া, ফারহানা ও খাদিজা রাজেন্দ্রপুরের ইকবাল সিদ্দিকী কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিল।
ওই তিন শিক্ষার্থীর স্মরণে গতকাল সকাল সাড়ে নয়টায় ইকবাল সিদ্দিকী কলেজ মিলনায়তনে শোকসভার আয়োজন করা হয়। এ সময় কলেজটিতে শোকের ছায়া নেমে আসে। সভায় বক্তব্য দিতে গিয়ে কান্নায় ঠিকমতো কথা বলতে পারছিলেন না শিক্ষকেরা। শিক্ষার্থীদের কান্নায় কক্ষে বেদনাবিধুর পরিবেশের সৃষ্টি হয়।
কলেজটির প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ইকবাল সিদ্দিকী বলেন, ‘ট্রাফিক নিয়ম না জানা অদক্ষ ড্রাইভারদের কারণে এ দুর্ঘটনা ঘটছে। আমরা তিনটি মেধাবী মুখ হারালাম।’
এদিকে সকাল সাড়ে ১০টায় ভাওরাইদ গ্রামে গিয়ে শোকস্তব্ধ পরিবেশ দেখা যায়। এ সময় স্থানীয় কয়েকজন বলেন, ফারহানা ও সাদিয়া প্লে শ্রেণি থেকে একাদশ পর্যন্ত একসঙ্গে লেখাপড়া করেছে। দুর্ঘটনায়ও তারা একসঙ্গেই চলে গেল। তাদের বন্ধুত্বকে চিরস্মরণীয় করে রাখতে দুই পরিবারের সিদ্ধান্তে তাদের পাশাপাশি কবর দেওয়া হয়। সন্ধ্যায় সাদিয়াদের বাড়ির পাশে দুজনকে পাশাপাশি শায়িত করা হয়।
ফারহানা আক্তারের মা বিলাপ করে বলছিলেন, ‘মেয়ে বলছিল ডাক্তার হইব। মেট্রিকে অল্পের জন্য এ প্লাস পায় নাই। তাই তার মনের মধ্যে আক্ষেপ ছিল। সে বলেছিল, ইন্টারে এ প্লাস পাইয়া তোমারে দেখাইয়া দিমু। তার আগেই সে চলে গেল।’ ফারহানা আক্তারের পোশাককর্মী মা-ও বারবার বিলাপ করছিলেন।
ফারহানা ও সাদিয়ার অপর বান্ধবী খাদিজা আক্তারকে উত্তর সালনা এলাকায় পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। তার বাবা গিয়াস উদ্দিন মুঠোফোনে কেঁদে কেঁদে বলেন, অদক্ষ ও অল্প বয়সী চালকের অবহেলায় অসময়ে তাঁর মেয়ের প্রাণ গেল।
এদিকে গাজীপুরের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট রাহেনুল ইসলাম বলেন, গাজীপুরের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী হাকিম মোসা. হাফিজা জেসমিন ও মো. রাসেল মিয়ার নেতৃত্বে চান্দনা চৌরাস্তা এলাকায় অবৈধ ও অননুমোদিত যানবাহনের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ড্রাইভিং লাইসেন্স ও রেজিস্ট্রেশনবিহীন গাড়ি চালানোর দায়ে ১৪টি যানবাহনের চালককে সাড়ে ১৬ হাজার টাকা জরিমানা করা হয়।