
ঢাকার আশুলিয়ার নলাম-শিমুলিয়া পাকা সড়কের পাইচাইল থেকে মাইঝাইল পর্যন্ত বংশী নদীর তীরে একটি মাটির রাস্তা আছে। এই রাস্তায় টেংরাভিটা খালের ওপর ১০ ফুটের ব্যবধানে একটি কালভার্ট ও একটি সেতু নির্মিত হয়েছে। সাভার উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার (পিআইও) কার্যালয় থেকে প্রকল্প দুটি বাস্তবায়ন করা হয়েছে।
পিআইওর কার্যালয় সূত্রে জানা গেছে, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অর্থে তিন বছর আগে টেংরাভিটা খালের ওপর একটি কালভার্ট নির্মাণ করা হয়। এতে ব্যয় হয়েছে প্রায় ৫ লাখ টাকা। এর এক বছর পর ২০১৫-১৬ অর্থবছরে কালভার্ট থেকে মাত্র ১০ ফুট
দূরে নির্মাণ করা হয় সেতু। ৪০ ফুট দীর্ঘ এই সেতু নির্মাণে ব্যয় হয়েছে ৩০ লাখ ৯০ হাজার ২৩৭ টাকা।
সেতু ও কালভার্ট নির্মাণের জায়গাটি খাল হিসেবে উল্লেখ করা হলেও সরেজমিনে খালের তেমন কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। মৃতপ্রায় খালের বুকজুড়ে ফসলের আবাদ হচ্ছে।
মাইঝাইল গ্রামের আবদুল মান্নানসহ আশপাশের লোকজন বলেন, বংশী নদীর পাশ দিয়ে প্রবহমান খালটি একসময় খরস্রোতা ছিল। কিন্তু কালের আবর্তে সেই খাল এখন ভরাট হয়ে গেছে। এ সুযোগে এলাকার লোকজন যে যার মতো তা দখল করে ফসলের আবাদ করছেন।
স্থানীয় ধামসোনা ইউনিয়নের (ইউপি) নারী সদস্য রেহানা পারভীন বলেন, খালের বুকে ফসলের আবাদ হলেও বর্ষাকালে পানিতে ভরে যায়। তখন ওই খালে নৌকা চলাচল করে। এ জন্য খালের ওপর সেতুর প্রয়োজনীয়তা আছে।
নাম প্রকাশে অনিচ্ছুক আরেক ইউপি সদস্য বলেন, প্রকল্প দেখিয়ে সরকারি অর্থ তছরুপের জন্যই অপরিকল্পিতভাবে কালভার্টটি নির্মাণ করা হয়েছে। এটি জনসাধারণের কোনো উপকারে আসেনি। তিনি বলেন, অতিদরিদ্রদের জন্য কর্মসংস্থান কর্মসূচির অর্থে কালভার্ট নির্মাণ করার কোনো সুযোগ নেই। বছরের একটি বিশেষ সময়ে শুধু অভাবী শ্রমিকদের কর্মসংস্থানের জন্য মাটির কাজে এই অর্থ ব্যয় করার কথা। তা না করে এখানে অনিয়ম করা হয়েছে।
গত বৃহস্পতিবার এ বিষয়ে কথা বলার জন্য পিআইও একরামুল হকের কার্যালয়ে গিয়ে তাঁকে পাওয়া যায়নি। পরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘স্থানীয় জনপ্রতিনিধির চাহিদা ও এলাকাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে টেংরাভিটা খালের ওপর সেতু নির্মাণ করা হয়েছে। তবে খোঁজখবর না নিয়ে কালভার্টের বিষয়ে কিছু বলা সম্ভব নয়। কারণ, ওই সময় আমি এখানে কর্মরত ছিলাম না।’