এডফ্লেম ফার্মাসিউটিক্যাল লিমিটেডের ভেজাল প্যারাসিটামল সিরাপ পান করে ১৯৯১ সালে শিশুমৃত্যুর ঘটনায় দায়ের করা মামলার পলাতক আসামি আজফার পাশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার বিভাগীয় বিশেষ জজ আবদুল মজিদ এ আদেশ দেন।এর আগে গত ১২ জানুয়ারি আসামি আজফার পাশার স্থায়ী জামিনদার খিলগাঁও এলাকার আবুল হাসনাতের প্রতি এ নোটিশ জারি করেছিলেন আদালত। গতকাল আসামি হাজির করার জন্য দিন ধার্য ছিল। আসামি আজফার পাশা আদালতে হাজির না হওয়ায় আদালত তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন। আদালত আগামী ১৪ মার্চের মধ্যে আসামিকে গ্রেপ্তারসংক্রান্ত প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন। সরকার পক্ষের কৌঁসুলি মাহামুদ হোসেন প্রথম আলোকে জানান, ১৮ বছর আগে এ মামলার বিচারকাজ শুরু হয়েছিল। কিন্তু হাইকোর্টের স্থগিতাদেশ থাকায় এত দিন মামলার কার্যক্রম স্থগিত ছিল। ২০০৭ সালে হাইকোর্ট মামলার স্থগিতাদেশ বাতিল করে নিম্ন আদালতে বিচারের জন্য নথি পাঠিয়ে দেন। ১৯৯০-৯১ সালে শেরেবাংলা নগর শিশু হাসপাতালে মেসার্স এডফ্লেম ফার্মাসিউটিক্যালের প্যারাসিটামল সিরাপ পান করে কয়েকজন শিশু মারা যায়। এ ঘটনায় ১৯৯২ সালে ওষুধ প্রশাসন পরিদপ্তরের তত্কালীন কর্মকর্তা আবুল খায়ের চৌধুরী বাদী হয়ে ঢাকার ড্রাগ আদালতে মামলাটি করেন।