পাশে থাকতে না পারলেও কর্মসূচি সফল করুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সব বাধা-বিপত্তি উপেক্ষা করে ২৯ ডিসেম্বর রোববার ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি সফল করতে সবাইকে ঢাকায় আসার আহ্বান জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া।

আজ শুক্রবার বিকেলে এক সংক্ষিপ্ত ভিডিওবার্তায় খালেদা জিয়া বলেন, ‘আমি আপনাদের পাশে আছি, থাকব সব সময়।যদি আমি আপনাদের পাশে থাকতে না পারি, তাহলেও আপনারা আপনাদের এই কর্মসূচি, এই আন্দোলন চালিয়ে যাবেন।এ সরকারের বিদায় না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।এ দেশে আমরা গণতন্ত্র এনেছি, আবারও গণতন্ত্র আনব।সেদিন আর বেশি দূরে নেই, বিজয় আমাদের সুনিশ্চিত।’ নেতা-কর্মীদের পাশাপাশি দেশবাসীর প্রতি খালেদা জিয়া এই আহ্বান জানান।

ভিডিওবার্তায় খালেদা জিয়া বলেন, ‘গণতন্ত্রের জন্য আগামী ২৯ ডিসেম্বর জাতীয় পতাকা হাতে আমি আপনাদের প্রতি ঢাকায় নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে সমবেত হতে অনুরোধ করছি।আমি আশা করি, সব  প্রতিকূলতা-প্রতিবন্ধকতা উপেক্ষা করে আপনারা ২৯ ডিসেম্বর ঢাকায় গণতন্ত্র রক্ষার সমাবেশে শরিক হবেন।আপনাদের সবাইকে ঐক্যবদ্ধভাবে এ সরকারের প্রহসনের নির্বাচনে শরিক হতে “না” বলার জন্য আহ্বান জানাচ্ছি।গণতন্ত্রকে এবং নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচনকে “হ্যাঁ” বলার জন্য আহ্বান জানাচ্ছি।’

এর আগে ঢাকা মহানগর পুলিশ জানায়, রোববার বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটকে ঢাকায় সমাবেশ করার অনুমতি দেওয়া হবে না। এরপর ভিডিওবার্তায় এসব কথা বলেন খালেদা জিয়া। গত মঙ্গলবার খালেদা জিয়া গুলশানে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ‘গণতন্ত্রের অভিযাত্রা’ কর্মসূচি ঘোষণা করেন।

খালেদা জিয়ার কর্মসূচি ঘোষণার এক দিন পর গত বুধবার ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি সম্পর্কে অবহিত ও তা পালনে সহযোগিতা চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপি) দুটি চিঠি দেয় বিএনপি।