কুষ্টিয়ার অদম্য মা আর মেধাবী ছেলের সংগ্রাম ও সাফল্যের গল্পে অনুপ্রাণিত হয়েছেন অসংখ্য মানুষ। অনেকে এই মা-ছেলের পাশে থাকার প্রতিশ্রুতি দিয়েছেন। উচ্চশিক্ষার জন্য আর্থিক সহায়তারও আশ্বাস দিয়েছেন কেউ কেউ। দেশে ও দেশের বাইরের অনেক পাঠক খবরটি পড়ে প্রথম আলো কার্যালয়ে ফোন করে তাঁদের প্রতিক্রিয়া, ভালোবাসা জানিয়েছেন। আবেগতাড়িত কয়েকজন চোখের পানি ধরে রাখতে পারেননি।
‘অদম্য মা, মেধাবী ছেলে’ শিরোনামে গত বুধবার প্রথম আলোর প্রথম পৃষ্ঠায় প্রকাশিত প্রতিবেদনটি পাঠকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। দৃষ্টিশক্তিহারা ছেলে আবদুল্লাহ আল শাইমের জন্য মা চায়না খাতুন রাত জেগে মুঠোফোনে পড়া রেকর্ড করতেন। সেই রেকর্ড করা পড়া আত্মস্থ করতেন ছেলে। এভাবেই এইচএসসিতে জিপিএ-৫ পান আবদুল্লাহ। তিনি কুষ্টিয়ার দৌলতপুরের পিপলস ডিগ্রি কলেজের মানবিক বিভাগের ছাত্র ছিলেন।
খবরটি পড়ে লুবাবা রহমান নামের এক পাঠক প্রথম আলোর অনলাইন সংস্করণে মন্তব্য করেছেন, ‘আমাদের এমন অদম্য মা, মেধাবী ছেলে আছে বলেই তো দেশ এখন টিকে আছে...তাঁদের সালাম।’
আরেক পাঠক আবদুল্লাহ আল মামুনের মন্তব্য ছিল, ‘আজকাল দৃঢ় মনোবলের বড় অভাব। চায়না খাতুন আর তাঁর সন্তান আবদুল্লাহ দেখাতে সক্ষম হয়েছেন। এসব আমাদের গর্ব।’
এক পাঠক লিখেছেন, ‘আগুন না নেভালে ছাই হওয়া পর্যন্ত জ্বলতেই থাকে; আবদুল্লাহ, তুমিও জীবনের লক্ষ্য পূরণ অবধি এগিয়ে যাবে। তোমার সেই পথ যেভাবেই হোক খুলে যাবে। তুমি এগিয়ে যাও!’
একজন লিখেছেন, ‘এই ভাই আর মায়ের স্বপ্ন পূরণ হোক।’
আরেকজন লিখেছেন, ‘ভাষা খুঁজে পেলাম না কী বলে মাকে সম্মানিত করব!’
এদিকে গতকাল আবদুল্লাহকে সংবর্ধনা দিয়েছে পিপলস ডিগ্রি কলেজের শিক্ষক–শিক্ষার্থীরা।
প্রথম আলোর প্রতিবেদন পড়ে গত বুধবার পাবনা থেকে কুষ্টিয়ায় গিয়ে মা ও ছেলের সঙ্গে দেখা করেন ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানী হোসেন। তিনি আবদুল্লাহর উচ্চশিক্ষার খরচ বহনে তাঁর আগ্রহের কথা জানান। তাৎক্ষণিকভাবে চায়না খাতুনের হাতে এক লাখ টাকার চেকও তুলে দেন।
সোহানী হোসেন বলেন, ‘এ রকম মা ও ছেলেদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। খবরটা পড়েই তাই এখানে ছুটে এসেছি।’
চায়না খাতুন বলেন, ‘আবদুল্লাহ এখন পুরো দেশের সন্তান। তার জন্যে মানুষ যেভাবে এগিয়ে আসছে, তাতে আমি কৃতজ্ঞ।’
আবদুল্লাহ তাঁর সংগ্রাম আর সাফল্যের খবর প্রকাশ করার জন্য প্রথম আলোর প্রতি কৃতজ্ঞতা জানান।
সমাজকল্যাণ মন্ত্রণালয়ও আবদুল্লাহ এবং তাঁর মাকে সম্মাননা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে ভর্তি সহায়তা বাবদ তাৎক্ষণিকভাবে ১০ হাজার টাকা অনুদান দেওয়ার কথা জানিয়েছে। গত বুধবার মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রতিবেদনটি প্রথম আলোর ফেসবুক পেজে প্রকাশের পরবর্তী ১২ ঘণ্টায় (বুধবার সকাল থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত) এটি শেয়ার করেছেন এক হাজার ৩২৬ জন পাঠক। আর পাঁচ লাখ ৬২ হাজার ৪৩৪ জন তাঁদের ফেসবুক ওয়ালে এটি দেখেছেন। লাইক দিয়েছেন ১৫ হাজার ৩৩৪ জন।