
যুক্তরাজ্যের বিরোধী দল লেবার পার্টির শীর্ষস্থানীয় এমপিরা বলেছেন, বাংলাদেশে মানবাধিকার রক্ষা, গণতন্ত্রের বিকাশ, অর্থনৈতিক অগ্রগতি ও মানুষের জীবনমানের উন্নয়নে তাঁরা সব সময় পাশে থাকবেন। তাঁরা বলেছেন, বাংলাদেশে কখন কোন দল ক্ষমতায়, সেটা তাদের কাছে মুখ্য নয়। দেশটির মানুষের কল্যাণে তাঁরা সব সময় সমর্থন দিয়ে যাবেন।
ইংল্যান্ডের লিভারপুলে লেবার দলের বার্ষিক সম্মেলনের ফাঁকে গত রোববার ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’-এর সভা হয়। স্থানীয় একটি রেস্তোরাঁয় আয়োজিত ওই সভায় এমপিরা এসব কথা বলেন। যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশি এবং বাংলাদেশের সঙ্গে লেবার দলের সম্পর্ক উন্নয়নে কাজ করে ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশ’।
‘লেবার ফ্রেন্ডস বাংলাদেশ’-এর সভাপতি হাওয়ার্ড ডোভারের সভাপতিত্বে ওই সভায় বক্তব্য দেন লেবার দলের প্রভাবশালী নেতা অ্যান্ডি বার্নহাম, চুকা উমুন্না, স্টিভ রিড, শাবানা মাহমুদ ছাড়াও বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি রুশনারা আলী, রূপা হক ও টিউলিপ সিদ্দিক। বাংলাদেশি বংশোদ্ভূত তিন এমপি তাঁদের বক্তৃতায় যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের লেবার দলের রাজনীতির সঙ্গে যুক্ত হওয়ার আহ্বান জানান। তাঁরা বলেন, বাংলাদেশিরা ঐক্যবদ্ধ হয়ে কাজ করলে পছন্দের প্রার্থীদের বিজয়ী করতে সক্ষম হবেন। এ সময় লিভারপুলের বাংলাদেশি ব্যবসায়ীদের পক্ষ থেকে এ তিন এমপিকে ফুলের তোড়া দিয়ে অভিনন্দন জানানো হয়। ২০১৫ সালের নির্বাচনে বিজয়ের পর এবারই প্রথম একসঙ্গে লিভারপুলে যান তাঁরা।
পূর্ব লন্ডনের টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র মুতিনুজ্জামান প্রথম আলোকে বলেন, সম্মেলনের সুবাদে লেবার দলের সব রাজনীতিক এক জায়গায় মিলিত হয়েছেন। এ সুযোগকে কাজে লাগিয়ে সম্মেলনের পাশেই ‘লেবার ফ্রেন্ডস অব বাংলাদেশের সভার আয়োজন করা হয়। মুতিনুজ্জামান জানান, প্রায় ৩০ জন এমপি এ সভায় উপস্থিত ছিলেন।