পাশের দোকানের দখলেই ফুটপাত
বিপণিবিতান এবং ফুটপাতের পাশের দোকানগুলোর পণ্য ও নানা উপকরণ রাখা ফুটপাতে। রেস্তোরাঁর চুলা জ্বলছে ফুটপাতের ওপর। মোটরসাইকেল সারাই, যানবাহন মেরামতের কাজ চলছে ফুটপাত ও সড়কের ওপরে। যতটুকু জায়গা বরাদ্দ আছে, তার বাইরে ফুটপাতের অনেকাংশ দখলে রাখছেন ফুটপাতের পাশের দোকানমালিকেরা।
ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রায় সব এলাকার চিত্র কমবেশি এ রকম। ফুটপাতের পাশের দোকানদার ও বিপণিবিতানের ব্যবসায়ীরা তাঁদের বরাদ্দের বেশি জায়গা দখল করে ফুটপাত, এমনকি সড়কেও রাখছেন মালপত্র। ফলে দুর্ভোগে পড়ছে সাধারণ পথচারীরা।
সড়ক ও ফুটপাত থেকে অবৈধ দখল সরিয়ে নিতে দোকানমালিক ও ব্যবসায়ীদের একাধিকবার নির্দেশ দিয়েছেন ঢাকা উত্তরের মেয়র আনিসুল হক। ২০১৬ সালের ৩ মার্চ বিপণিবিতান ও দোকান মালিক সমিতির নেতাদের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি অবৈধ দখল সরিয়ে নিতে এক মাস সময় বেঁধে দিয়েছিলেন।
ওই সভায় মেয়র অবৈধ দখলদারদের বিরুদ্ধে ডিএনসিসির ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছিলেন। মেয়রের ওই ঘোষণার পরে ডিএনসিসি পাঁচটি অঞ্চলে এলাকাভিত্তিক বেশ কিছু উচ্ছেদ অভিযান চালানো হয়। কিন্তু অবস্থার খুব বেশি পরিবর্তন হয়নি।
মিরপুর, মোহাম্মদপুর, মহাখালী, পান্থপথ এলাকা ঘুরে দেখা যায়, ফুটপাতের পাশের অনেক দোকানের মালামাল রাখা হয়েছে ফুটপাত ও সড়কে। এসবের মধ্য দিয়ে অনেক কষ্ট করে নাক চেপে, মুখ ঢেকে চলাচল করছে সাধারণ পথচারী। ফুটপাতে জায়গা না থাকায় কেউ কেউ বাধ্য হয়ে সড়ক দিয়েই যাতায়াত করছে।
শ্যামলী থেকে রিং রোড হয়ে মোহাম্মদপুর শিয়া মসজিদ পর্যন্ত প্রায় দুই কিলোমিটার দূরত্ব। দেখা যায়, ফুটপাতের পাশে থাকা দোকানপাটের নানান ধরনের জিনিসপত্র ফুটপাতজুড়ে রাখা হয়েছে। সড়কের পাশে আছে রড, সিমেন্ট, দরজা বিক্রির অনেকগুলো দোকান। দোকানের সামগ্রী রাখা হয় ফুটপাতে। গাড়ি মেরামতের দোকানের অব্যবহৃত টায়ার, টায়ারে হাওয়া ভরার যন্ত্র রাখা হয়েছে ফুটপাতে।
বীর উত্তম কাজী নুরুজ্জামান সড়কের পশ্চিম পান্থপথ অংশে দেখা যায়, ফুটপাতের পাশের খাবার হোটেল ও রেস্তোরাঁর সামনের ফুটপাতের ওপর চুলা জ্বালানো হয়। তৈরি হচ্ছে কাবাব, গ্রিল, পরোটা, মাংসের চাপসহ নানা খাবার। চুলা থেকে ধোঁয়া আর আগুনের উত্তাপ ছড়িয়ে পড়ছে আশপাশে।
মিরপুরের কালশী সড়কে দেখা যায়, ফুটপাতের ওপরে সিএনজিচালিত অটোরিকশার রঙের কাজ চলছে। পাশে চলছে লেপ-তোশক বানানো। তার সামনে করাতকলের কাঠের গুঁড়ি রাখা। লোহালক্কড় ও আসবাবের দোকানের বিভিন্ন সামগ্রী ফুটপাতের ওপর। নেই শুধু পথচারীদের হাঁটার জায়গা।
বনানী, গুলশান, মহাখালী এলাকার দোকানমালিক সমিতির সভাপতি নুরুল ইসলাম বলেন, ফুটপাতে চলাচলে দুর্ভোগ বেশি। অনেক এলাকায় দোকানদারেরা ফুটপাতে মালপত্র রাখছেন। দোকানমালিকদের নোটিশ দেওয়া হয়েছে। মালপত্র সরিয়ে নিতে ব্যবসায়ীরা সিটি করপোরেশনকে সহায়তা করছেন।
ডিএনসিসি সূত্রে জানা যায়, ঢাকা উত্তরে দেড় লাখের বেশি দোকান আছে। ডিএনসিসি এলাকায় দৈনিক আড়াই হাজার টনের মতো বর্জ্য হয়। এর মধ্যে দোকানের বর্জ্য ৭০০-৮০০ টন।
এ বিষয়ে ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মেসবাহুল ইসলাম প্রথম আলোকে বলেন, নির্ধারিত জায়গার বাইরে এক ইঞ্চি জায়গাও যাতে দখলে না রাখা হয়, সে বিষয়ে দোকানমালিকদের নির্দেশ দেওয়া আছে। ফুটপাতের জায়গা দখলমুক্ত রাখতে নিয়মিত ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হচ্ছে।