পাশের ফ্ল্যাটের তিন ভাড়াটেকে খুঁজছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুড়িগ্রামে পূবালী ব্যাংকের ভল্ট ভেঙে প্রায় ৫৮ লাখ টাকা ডাকাতির ঘটনার তদন্ত নতুন মোড় নিয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে এ পর্যন্ত নৈশপ্রহরী হাবিবুর, মোহন কুমার দাস ও পান-দোকানদার খাদেমুলকে ৫৪ ধারায় গ্রেপ্তার দেখানো হয়েছে।

তবে ব্যাংকের পাশের ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে ডাকাতির কাজে ব্যবহূত সরঞ্জাম ও কিছু আলামত উদ্ধারের পর পুলিশ ওই বাসার ভাড়াটে তিন ব্যক্তিকে খুঁজছে। ঘটনার পর থেকে তাঁরা গা ঢাকা দিয়েছেন। গোয়েন্দা কর্মকর্তাদের সন্দেহ তাঁদের দিকে। তবে বাড়ির মালিক রোকনের দিকেও তাঁদের সন্দেহ।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মাহবুবুল আলম জানান, ঘোষপাড়ায় ব্যাংক ভবনের পাশের ভবনের মালিক সাকোয়াত হোসেন ওরফে রোকন মিয়া এক সপ্তাহ আগে অচেনা তিন ব্যক্তিকে বাসা ভাড়া দেন। তাঁরা স্থানীয় এক ব্যক্তির মাধ্যমে তাঁর কাছে আসেন। তিনি বাসা ভাড়া নেওয়া ব্যক্তিদের নামও জানেন না। বাসা ভাড়া বাবদ তাঁরা অগ্রিম ৩০ হাজার টাকা দেন। গত শুক্রবার রাতে এই বাসা থেকেই ডাকাতির অভিযান চালানো হয় বলে প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে। কারণ, ডাকাতির কাজে ব্যবহার করা কার্টার, অক্সিজেন সিলিন্ডার, গ্যাস সিলিন্ডারসহ কিছু আলামত উদ্ধার করা হয় ওই ফ্ল্যাট থেকে। বাসার মালিককে জিজ্ঞাসাবাদ করে তাঁকে নজরদারিতে রাখা হয়েছে।

ব্যাংকের ঢাকার প্রধান কার্যালয়ের উপমহাব্যবস্থাপক মো. নুরুল্লাহ ও শেখ মো. আবদুস সবুর এবং রংপুর আঞ্চলিক কার্যালয়ের উপমহাব্যবস্থাপক পরিমল চন্দ্র দাস কুড়িগ্রামে অবস্থান করে গতকাল মঙ্গলবার পর্যন্ত ব্যাংক পরিদর্শন ও ঘটনাটির তদন্তকাজ অব্যাহত রেখেছেন। তবে গ্রাহকদের দুর্ভোগের কথা চিন্তা করে সোমবার থেকে ব্যাংকের লেনদেন-প্রক্রিয়া চালু করা হয়েছে।

মাহবুবুল আলম জানান, তদন্তে যথেষ্ট অগ্রগতি হয়েছে। পলাতক ভাড়াটেদের গ্রেপ্তার করতে পারলে এই ডাকাতির রহস্য উদ্ঘাটন সম্ভব হবে বলে তাঁরা মনে করছেন। 

শনিবার ব্যাংক বন্ধ থাকলেও জুন ক্লোজিংয়ের কাজে এসে বিকেল পাঁচটার দিকে ব্যাংকের ভল্ট ভাঙা দেখতে পান ব্যবস্থাপক নওয়াব আলী ও সিনিয়র অফিসার আমিরুল ইসলাম। পরে দেখা যায়, প্রায় ৫৮ লাখ টাকা খোয়া গেছে। মামলাটি তদন্তের দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে। র‌্যাবসহ পুলিশের অন্যান্য গোয়েন্দা বিভাগ ঘটনার অনুসন্ধান করছে।