বরাবরই লেখাপড়ার প্রতি প্রবল ঝোঁক ছিল জেবুন্নাহার ময়নার। পঞ্চম শ্রেণীতে ট্যালেন্টপুলে বৃত্তি পেলেও অষ্টম শ্রেণীতে বৃত্তি না পাওয়ায় অভাবী মা-বাবা মনে বড় কষ্ট পেয়েছিলেন। তখনই ময়না মা-বাবাকে কথা দিয়েছিল এসএসসিতে ভালো ফলাফল করে দেখাবে। ময়না তার কথা রেখেছে। সে এবার পটুয়াখালী সদর উপজেলার লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতন থেকে এসএসসিতে বিজ্ঞান বিভাগে জিপিএ-৫ (সব কটি বিষয়ে) পেয়েছে। ময়নাদের বাড়ি লাউকাঠি গ্রামে। বাবা রুহুল আমিন সিকদার ও মা আলেয়া বেগমের ঘরে ছয় ছেলেমেয়ে। ময়না চতুর্থ। লাউকাঠি নদীর করাল গ্রাসে তাঁদের জমিজমা সবই গেছে। নদীর পাড়ে ছোট্ট ঝুপড়ি ঘরে থাকে তাঁরা। রুহুল আমিন শহরের ছাপাখানায় খণ্ডকালীন বই বাঁধাইয়ের কাজ করেন। আলেয়া বেগমও অন্যের বাড়িতে কাজ করেন। সাফল্যের কথা বলতে গিয়ে ময়না শোনাল তার দুঃখের কাহিনি। ঘরে বিদ্যুৎ নেই। প্রায় দিনই বাবা কেরোসিন তেল আনতে পারতেন না। তখন পাশের বাড়ির বিদ্যুতের আলোতে গিয়ে পড়তে হতো তাকে। পেট ভরে খেতে পেত না, ভালো জামা-কাপড়ও পরা হয়নি। ময়না বলে, ‘আমার খুবই ইচ্ছা, লেখাপড়া করে ডাক্তার হব। কিন্তু আমার এ স্বপ্ন কীভাবে পূরণ হবে?’ লাউকাঠি শহীদ স্মৃতি বিদ্যানিকেতনের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ জানান, শত প্রতিকূলতার মধ্যেও ময়না ক্লাসে প্রথম হতো।