পাষণ্ড!
জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে কিশোরগঞ্জের নিকলী উপজেলার দামপাড়া ইউনিয়নের পূর্বহাটি গ্রামে গত শনিবার আল-আমিন নামের (৩০) এক যুবকের বাঁ হাত ও বাঁ পা চাপাতি দিয়ে বিচ্ছিন্ন করেছেন তাঁরই আপন চাচাত ভাই রফিকুল (৩০)। পুলিশ রফিকুলকে গ্রেপ্তার করে বিচ্ছিন্ন হাতটি উদ্ধার করলেও পা উদ্ধার করতে পারেনি। গুরুতর আহত আল-আমিনকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।আল-আমিনের বক্তব্য থেকে জানা গেছে, একটি জমি নিয়ে চাচা আবদুল আজিজ এবং চাচাত ভাই রফিকুল ও কামরুল মিয়ার সঙ্গে তাঁর দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। ঘটনার দিন সন্ধ্যায় গ্রামের জনৈক নূরুল মিয়া মুঠোফোনে তাঁকে ডেকে দামপাড়া বাজারে নিয়ে যান। বাজার থেকে বাড়ি ফেরার পথে ওত পেতে থাকা তাঁর চাচা ও দুই চাচাত ভাই রড দিয়ে পিটিয়ে তাঁকে আহত করেন। পরে রফিকুল চাপাতি দিয়ে তাঁর বাঁ হাত ও বাঁ পা দেহ থেকে বিচ্ছিন্ন করেন। তাঁর চিৎকারে লোকজন এগিয়ে এলে হামলাকারীরা বিচ্ছিন্ন হাত ও পা নিয়ে পালিয়ে যান।