চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তিতে প্রধানমন্ত্রী
পাস করার পরও বিশ্ববিদ্যালয়ের জন্য দায়িত্ব থাকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ববিদ্যালয়গুলোর অ্যালামনাইদের (প্রাক্তন শিক্ষার্থী) অনুষ্ঠানে খাওয়াদাওয়া আর উৎসব হয়। এটা তাঁদের কাজ না। তাঁরা যে বিশ্ববিদ্যালয় থেকে পাস করলেন, তার জন্য কী করলেন সেটিও দেখতে হবে।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ৫০ বছর পূর্তি উদ্যাপন অনুষ্ঠানের উদ্বোধন উপলক্ষে গতকাল শনিবার গণভবন থেকে ভিডিও কনফারেন্সে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। ‘গৌরবের ৫০ বছর’ পূর্তিতে বিশ্ববিদ্যালয়-সংশ্লিষ্ট সবাইকে শুভেচ্ছা জানান প্রধানমন্ত্রী।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়সহ দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে সেশনজট দূর করে শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার পরিবেশ বজায় রাখতে হবে। যেন সেশনজট সৃষ্টি না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। যে বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করি, তাকে নিজের মনে করতে হবে। যাঁরা হলে থাকেন, তাঁদের দায়িত্ব হলের সৌন্দর্য ঠিক রাখা।’ এ সময় তিনি হল ও ক্যাম্পাসের সৌন্দর্য রক্ষায় ফলদ ও ফুলের গাছ লাগানোর কথা বলেন। আর সেশনজট ঠেকাতে শিক্ষকদের তৎপর হতে অনুরোধ করেন।
সরাসরি অনুষ্ঠানে উপস্থিত থাকতে না পারায় আক্ষেপ প্রকাশ করে প্রধানমন্ত্রী বলেন, ‘এখানে এলে যেমন সবার সঙ্গে সাক্ষাৎ হতো, তেমনি নৈসর্গিক সৌন্দর্যের চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়কে আবারও দেখতে পেতাম।’ তিনি এ সময় অচিরেই এই বিশ্ববিদ্যালয়ে আসবেন বলেও জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘উচ্চশিক্ষায় শিক্ষিত একটি জাতিই পারে দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে। সুশিক্ষা ছাড়া কোনো জাতি ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত হতে পারে না।’
জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ইফতেখার উদ্দিন আহমদ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠানস্থলে উপস্থিত ছিলেন পানিসম্পদমন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, চট্টগ্রামের সাবেক মেয়র এ বি এম মহিউদ্দিন চৌধুরী ও ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান।