মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষায় পাস নম্বর কমানোর চেষ্টা চালাচ্ছে বেসরকারি মেডিকেল কলেজের মালিকদের সংগঠন বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন। গতকাল বুধবার স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ে ভর্তি-সংক্রান্ত সভায় অ্যাসোসিয়েশনের নেতারা ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ থেকে কমিয়ে ২৫ করার ‘আবদার’ করেছেন।
সভায় উপস্থিত স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্য অধিদপ্তর, বেসরকারি মেডিকেল কলেজের মালিকসহ বেশ কয়েকটি সূত্র প্রথম আলোকে জানায়, স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এই আবদার নাকচ করে দেননি। শুধু বলেছেন বিষয়টি ‘পরে দেখা যাবে’। সভায় সিদ্ধান্ত হয়েছে, ২০১৪-১৫ শিক্ষাবর্ষে মেডিকেল ও ডেন্টালে ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর অনুষ্ঠিত হবে।
গত শিক্ষাবর্ষে লিখিত পরীক্ষায় ১০০-তে ১০ নম্বর পেয়েও মেডিকেলে শিক্ষার্থী ভর্তি হয়েছেন এমন খবর প্রথম আলোয় ছাপার পর অনেকে উদ্বেগ প্রকাশ করেন। তখন অনেকে দাবি তোলেন, মেডিকেলে শিক্ষার মান বজায় রাখতে ভর্তি পরীক্ষায় পাস নম্বর বাড়াতে হবে। সেই পরিপ্রেক্ষিতে স্বাস্থ্য মন্ত্রণালয়ের ভর্তি-সংক্রান্ত কমিটি তিন মাস আগে পাস নম্বর ৪০ করার সিদ্ধান্ত নেয়। গতকালের সভা শেষে স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (শিক্ষা) এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, লিখিত পরীক্ষায় পাস নম্বর ৪০-ই থাকছে।
সভাসূত্র জানায়, অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন সভায় পাস নম্বরের প্রসঙ্গটি তোলেন। তিনি বলেন, পাস নম্বর ৪০ করলে বেসরকারি মেডিকেল কলেজে অনেক আসন ফাঁকা পড়ে থাকবে। পরে প্রথম আলোকে মোয়াজ্জেম হোসেন বলেন, ‘অ্যাসোসিয়েশন নম্বর কমানোর চেষ্টা চালিয়ে যাবে। সরকারের এই নীতি শিক্ষা সম্প্রসারণমূলক নয়, সংকোচনমূলক।’
এদিকে পেশাজীবী চিকিৎসকদের সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) মহাসচিব এম ইকবাল আর্সলান বলেছেন, পাস নম্বর যেন কমানো না হয় সে চেষ্টা অব্যাহত রাখবে বিএমএ।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্র বলছে, গত বছর সরকারি মেডিকেল কলেজে লিখিত পরীক্ষায় সর্বনিম্ন ৬৭ দশমিক ৯ নম্বর পেয়ে ভর্তির সুযোগ পেয়েছেন শিক্ষার্থীরা। অন্যদিকে বেসরকারি মেডিকেল কলেজে ১০ নম্বর পাওয়া শিক্ষার্থীদেরও ভর্তি করা হয়েছিল। সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মেধার পার্থক্য কমিয়ে আনার জন্যই ভর্তি পরীক্ষার পাস নম্বর ৪০ করা হয়েছে। সংশ্লিষ্ট ব্যক্তিরা অভিযোগ করেছেন, বিপুল পরিমাণ অর্থের বিনিময়ে বেসরকারি মেডিকেল কলেজে কম নম্বর পাওয়া শিক্ষার্থীদের ভর্তি করা হয়। এবারও একই উদ্দেশ্যে অ্যাসোসিয়েশন ভর্তি পরীক্ষার নম্বর কমানোর চেষ্টা চালাচ্ছে।
ভর্তি পরীক্ষা ২৪ অক্টোবর: গতকালের সভায় সিদ্ধান্ত হয়েছে ২৪ অক্টোবর সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল ইউনিটের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা একযোগে অনুষ্ঠিত হবে। ভর্তি পরীক্ষার আবেদনপত্র সংগ্রহ, জমা ও অন্যান্য তথ্য খুব শিগগির স্বাস্থ্য মন্ত্রণালয় বিজ্ঞপ্তির মাধ্যমে জানাবে।