পাস নম্বর ৪০-ই থাকল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারি-বেসরকারি মেডিকেল ও ডেন্টাল কলেজগুলোতে এমবিবিএস ও বিডিএসে প্রথম বর্ষে ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০-ই থাকছে। স্বাস্থ্য অধিদপ্তর গতকাল মঙ্গলবার তাদের ওয়েবসাইটে ১০০ নম্বরের ভর্তি পরীক্ষায় পাস নম্বর ৪০ রাখার সিদ্ধান্ত জানিয়েছে।

>স্বাস্থ্য অধিদপ্তরের এ সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন

উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার ফল প্রকাশের আগে থেকে বেসরকারি মেডিকেল কলেজের মালিকেরা ভর্তি পরীক্ষায় পাস নম্বর কমানোর জন্য তদবির শুরু করছিলেন। এ সিদ্ধান্তের প্রতিবাদ করেছে বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ)। এ বিষয়ে কাল বৃহস্পতিবার অ্যাসোসিয়েশনের সদস্যরা জরুরি বৈঠকে বসছেন। অ্যাসোসিয়েশনের সভাপতি মো. মোয়াজ্জেম হোসেন গতকাল প্রথম আলোকে বলেন, ‘দেশের কথা চিন্তা না করে শুধু কয়েকজন ব্যক্তির কথায় সরকার এ সিদ্ধান্ত নিয়েছে। এটা খুব দুঃখজনক। আমরা সরকারকে সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ করব।’
তবে স্বাস্থ্য অধিদপ্তরের শিক্ষা বিভাগের পরিচালক এ বি এম আবদুল হান্নান প্রথম আলোকে বলেন, এ সিদ্ধান্ত পরিবর্তনের কোনো চিন্তা-ভাবনা সরকারের নেই।
অধিদপ্তর সূত্র বলেছে, মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণে ১৩ আগস্ট স্বাস্থ্য মন্ত্রণালয় বৈঠক ডেকেছিল। ওই বৈঠকে সাবেক স্বাস্থ্যমন্ত্রী আ ফ ম রুহুল হক, সাবেক স্বাস্থ্য উপদেষ্টা সৈয়দ মোদাচ্ছের আলী উপস্থিত ছিলেন। বৈঠকে বেসরকারি মেডিকেল কলেজের প্রতিনিধিরা ভর্তি পরীক্ষায় পাস নম্বর কমানোর দাবি জানান। এই দাবির বিপক্ষে অবস্থান নেয় ঢাকা বিশ্ববিদ্যালয় ও চিকিৎসকদের শীর্ষ সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ)।
বর্তমানে বেসরকারি মেডিকেল কলেজ আছে ৬৯টি। এগুলোর অধিকাংশের সঙ্গে যুক্ত আছেন মন্ত্রী, সাংসদ ও আওয়ামী লীগের নেতারা।
৫ আগস্ট বিপিএমসিএ স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিম, স্বাস্থ্যসচিব সৈয়দ মনজুর-উল-ইসলাম ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মো. নুরুল হুদা বরাবর চিঠি দেয়। ওই চিঠিতে তারা ‘মেধাবী শিক্ষার্থী ও দেশের বিপুলসংখ্যক জনগোষ্ঠীর সেবা নিশ্চিত করতে’ এমবিবিএস কোর্সের জন্য ১০০ নম্বরের লিখিত পরীক্ষায় পাস নম্বর ২০ ও বিডিএস কোর্সে ১০০ নম্বরে ১০ করার অনুরোধ জানায়। চিঠিতে বলা হয়, শিক্ষার্থী না পাওয়ায় তাদের ৫০ শতাংশ আসন গত বছর ফাঁকা ছিল। এতে করে ব্যাংকঋণ নিয়ে যেসব উদ্যোক্তা মেডিকেল কলেজ করেছেন, তাঁরা প্রতিষ্ঠানগুলো টিকিয়ে রাখতে হিমশিম খাচ্ছেন।
ভর্তির আবেদন আহ্বান: স্বাস্থ্য অধিদপ্তর এমবিবিএস ও বিডিএস কোর্সে ভর্তির আবেদনপত্র আহ্বান করেছে। যাঁরা এসএসসি ও এইচএসসিতে কমপক্ষে জিপিএ-৮ পেয়েছেন, তাঁরা আবেদন করতে পারবেন। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ সাড়ে তিনের কম পাওয়া কেউ আবেদন করতে পারবেন না। তবে আদিবাসী ও পার্বত্য জেলার অ-আদিবাসীরা জিপিএ-৭ পেলে আবেদন করতে পারবেন। কোনোটিতে জিপিএ-৩-এর নিচে পেলে আবেদন করতে পারবেন না। আগ্রহী শিক্ষার্থীদের অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পরীক্ষার ফি ৭৫০ টাকা প্রি-পেইড টেলিটকের মাধ্যমে জমা দিতে হবে।