পাস পরীক্ষা নিয়ে বিমানবন্দরে হট্টগোল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিরাপত্তা পাস পরীক্ষা করা নিয়ে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বেসামরিক বিমান চলাচল (সিভিল এভিয়েশন) কর্তৃপক্ষের একজন নারী কর্মী ও নিরাপত্তার কাজে নিয়োজিত ব্রিটিশ প্রতিষ্ঠান রেডলাইনের এক কর্মকর্তার মধ্যে ধস্তাধস্তি হয়েছে। পরে এ নিয়ে সেখানে হট্টগোল সৃষ্টি হয়।
বিমানবন্দর সূত্র জানায়, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টায় বিমানবন্দরের ৪ নম্বর বোর্ডিং ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে। রেডলাইনের কর্মকর্তার আচরণের কারণে সিভিল এভিয়েশনের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, বন্দরের ভেতরে দায়িত্বরত এক নিরাপত্তা অপারেটর ৪ নম্বর বোর্ডিং ব্রিজের কাছে শৌচাগারে গেলে রেডলাইনের কর্মকর্তা ম্যাথিউ কুপার তাঁর নিরাপত্তা পাস দেখতে চান। একপর্যায়ে রেডলাইনের কর্মকর্তা সিভিল এভিয়েশনের ওই কর্মীর পাসটি নিতে চান। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটি হাতাহাতির পর্যায়ে যায়। সিভিল এভিয়েশনের ওই নারী তখন পাসটি লুকিয়ে ফেলেন। এরপর ওই কর্মীর কাছ থেকে নিরাপত্তার পাসটি বের করে নিয়ে ছবি তুলে নেন রেডলাইন কর্মকর্তা। তখন সেখানে হট্টগোল তৈরি হয়। এ নিয়ে সিভিল এভিয়েশনের কর্মীদের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। ক্ষুব্ধ কর্মীরা কিছু সময় কাজও বন্ধ রাখেন।
এ বিষয়ে জানতে চাইলে হজরত শাহজালাল বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন জাকির হাসান বলেন, বিষয়টি কী তা জানতে আজ রোববার সকালে দুই পক্ষকে ডাকা হয়েছে। তিনি বলেন, রেডলাইন যে কারও পাস পরীক্ষা করতে পারে।
সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা বলেন, রেডলাইন বিমানবন্দরে কর্মরত যে কারও নিরাপত্তা পাসের বৈধতা আছে কি না তা দেখতে পারে। কিন্তু এ অজুহাতে কারও পাস নিতে পারে না। এর আগেও হ্যাঙ্গার গেটে রেডলাইনের কর্মকর্তাদের হাতে সিভিল এভিয়েশনের এক কর্মকর্তা হেনস্তার শিকার হন বলে জানান ওই কর্মকর্তা।