পাস হচ্ছে না ১১৩টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরের ভাঙ্গায় ১১৩টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ব্যবস্থাপনা কমিটি ছয় মাস ধরে পাস হচ্ছে না। এর ফলে ওই বিদ্যালয়গুলো পরিচালনা করার ক্ষেত্রে সমস্যার সৃষ্টি হয়েছে।
নিজ নিজ বিদ্যালয় ওই কমিটিগুলো মনোনীত করে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে জমা দিলেও ফরিদপুর-৪ আসনের নির্বাচিত স্বতন্ত্র সাংসদ মুজিবুর রহমান ওরফে নিক্সন চৌধুরী ও ২৫ নম্বর সংরক্ষিত মহিলা সাংসদ নিলুফা জাফর উল্যার দ্বন্দ্বের কারণে তা অনুমোদন করা যাচ্ছে না। প্রতি মাসে উপজেলা শিক্ষা কমিটির সভা হলেও গত ছয় মাসেও ওই কমিটির সভায় কমিটিগুলো উপস্থাপন ও পাসের উদ্যোগ নেওয়া হয়নি।
প্রাথমিক বিদ্যালয়গুলো পরিচালনার জন্য ১১ সদস্যের একটি ব্যবস্থাপনা কমিটি নির্বাচিত বা মনোনীত করা হয়। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ২০১০ সালের প্রদেয় ‘বিদ্যালয়ের ব্যবস্থাপনা গঠন-সম্পর্কিত নীতিমালা’ অনুযায়ী কমিটির দুই বিদ্যোৎসাহী (একজন নারী ও একজন পুরুষ) সদস্যকে মনোনয়ন দেওয়ার কথা স্থানীয় সাংসদের।
ওই নীতিমালার ভিত্তিতে ভাঙ্গার নির্বাচিত ও মনোনীত দুই সাংসদই উপজেলার ওই ১১৩টি বিদ্যালয়ে দুজন বিদ্যোৎসাহী সদস্য হিসেবে পৃথকভাবে তালিকা দিয়েছেন। এই প্রেক্ষাপটে দুই সাংসদের মধ্যে কোন সাংসদের প্রস্তাবিত নামগুলো আমলে নেওয়া হবে—এ নিয়ে উপজেলা শিক্ষা কর্মকর্তার কার্যালয় কোনো সিদ্ধান্ত নিতে না পারায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
এদিকে বর্তমানে ব্যবস্থাপনা কমিটি ছাড়াই ওই ১১৩টি বিদ্যালয় পরিচালিত হচ্ছে। এর ফলে বিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে বেশ সমস্যা হচ্ছে।
নাম প্রকাশে অনিচ্ছুক তিনটি বিদ্যালয়ের প্রধান শিক্ষকেরা জানান, ব্যবস্থাপনা কমিটি না থাকায় কাজের গতি কমে যাচ্ছে। বিভিন্ন জাতীয় দিবস পালন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার মতো ব্যয়বহুল অনুষ্ঠানগুলো আয়োজনে সমস্যা হচ্ছে। দূরদূরান্ত থেকে আসা শিক্ষকদের নিরাপত্তা ও স্থানীয় সমস্যার তাৎক্ষণিক সমাধানেও বেগ পেতে হচ্ছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে উপজেলা শিক্ষা কমিটির চেয়ারম্যান ও ভাঙ্গা উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. সাহাদাত হোসেন বলেন, নির্বাচিত সাংসদ ওই ১১৩টি বিদ্যালয়ের কমিটির জন্য তাঁর মনোনীত ব্যক্তিদের একটি তালিকা দিয়েছেন। কিন্তু সংরক্ষিত মহিলা সাংসদও আরেকটি তালিকা দেওয়ায় এ সমস্যার সৃষ্টি হয়েছে।
ফরিদপুর জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা শিবপদ দে প্রথম আলোকে বলেন, ভাঙ্গায় সরকারি প্রাথমিক বিদ্যালয় আছে ১১৮টি। এর মধ্যে প্রায় ছয় মাস আগে ১১৩টি বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটি মনোনীত করা হয়। কিন্তু নির্বাচিত ও মনোনীত দুই সাংসদের মধ্যে কোন সাংসদের প্রস্তাবিত ব্যক্তিদের কমিটিতে অন্তর্ভুক্ত করা হবে—এ নিয়ে কোনো সিদ্ধান্তে আসতে না পারায় এই অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
ফরিদপুরের জেলা প্রশাসক উম্মে সালমা তানজিয়া বলেন, কোন সাংসদের মনোনীত ব্যক্তিদের ব্যবস্থাপনা কমিটিতে বিদ্যোৎসাহী সদস্য হিসেবে অন্তর্ভুক্ত করা যাবে, সে ব্যাপারে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পরামর্শ নেওয়া হবে।