পাস হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র প্রকল্প

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অনুমোদন দেওয়া হলো দেশের বৃহত্তম প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র নির্মাণ প্রকল্প। এতে ব্যয় হবে ১ লাখ ১৩ হাজার ৯৩ কোটি টাকা। ২০২৫ সালের মধ্যে এ বিদ্যুৎকেন্দ্র থেকে ২ হাজার ৪০০ মেগাওয়াট বিদ্যুৎ পাওয়া যাবে।

আজ মঙ্গলবার জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় এ প্রকল্পটি অনুমোদন দেওয়া হয়। শেরেবাংলা নগরের এনইসি সম্মেলনকক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন শেখ হাসিনা।
পরিকল্পনা কমিশন সূত্রে জানা গেছে, এ প্রকল্পে ৯১ হাজার ৪০ কোটি টাকা বা ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলার ঋণ দেবে রাশিয়া। বাকি ২২ হাজার ৫৩ কোটি টাকা দেবে সরকার। পরমাণু শক্তি কমিশন প্রকল্পটি বাস্তবায়ন করবে।
গত ২৬ জুলাই রাশিয়ার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশের অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) মধ্যে ১১ দশমিক ৩৮ বিলিয়ন ডলারের স্টেট এক্সপোর্ট ক্রেডিট চুক্তি স্বাক্ষরিত হয়। আট বছরে এ অর্থ পাওয়া যাবে। আর পরিশোধ করতে হবে ২০ বছরে। তবে ১০ বছর গ্রেস পিরিয়ড। এ ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংক অফারড রেটের (লাইবর) সঙ্গে ১ দশমিক ৭৫ শতাংশ।
একনেক সভা শেষে পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল সাংবাদিকদের বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাব থেকে বাঁচার জন্য জীবাশ্ম জ্বালানি ব্যবহার কমাতে হবে। তাই বাতাস, সৌর ও পারমাণবিক শক্তি ব্যবহার করে বিদ্যুৎকেন্দ্র নির্মাণে উদ্যোগ নেওয়া হয়েছে। প্রাথমিকভাবে এ ধরনের বিদ্যুৎকেন্দ্র নির্মাণে খরচ বেশি হলেও পরিচালন খরচ তুলনামূলক কম।
আজকের একনেক সভায় ১ লাখ ৫২ হাজার ৭১২ কোটি টাকার মোট ১২টি প্রকল্প অনুমোদন দেওয়া হয়।
একনেকে অনুমোদিত অন্য প্রকল্পগুলো হলো ২ হাজার ১০৮ কোটি টাকার স্কিলস ফর অ্যাম্প্লয়মেন্ট ইনভেস্টমেন্ট প্রোগ্রাম; ৩৭৬ কোটি টাকা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয়ের ভৌত অবকাঠামো ও গবেষণা সক্ষমতা শক্তিশালীকরণ; ২১৬ কোটি টাকার জাতীয় ডাইজেস্টিভ ডিজিজেস রিসার্চ ইনস্টিটিউট ও হাসপাতাল স্থাপন; ২০ হাজার ৫০১ কোটি টাকার ডিপিডিসির আওতাধীন এলাকায় বিদ্যুৎ বিতরণব্যবস্থা সম্প্রসারণ ও শক্তিশালীকরণ; ১ হাজার ৯৬২ কোটি টাকার চট্টগ্রাম-ফেনী-বাখরাবাদ গ্যাস সঞ্চালন সমান্তরাল পাইপলাইন নির্মাণ; ১ হাজার ৮৭৮ কোটি টাকার বাংলাদেশ (ভেড়ামারা)-ভারত (বহরমপুর) বিদ্যমান গ্রিড আন্তসংযোগের ক্ষমতা বর্ধিতকরণ (৫০০ মেগাওয়াট) ; ৭৭৬ কোটি টাকার আনোয়ারা-ফৌজদারহাট গ্যাস সঞ্চালন পাইপলাইন প্রকল্প; ৯ হাজার ৭৩৪ কোটি টাকার বঙ্গবন্ধু রেলওয়ে সেতু নির্মাণ; ৭৩২ কোটি টাকার সমগ্র দেশে শহর ও ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ; ৬১৯ কোটি টাকার ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ও আবাসিক ভবন নির্মাণ এবং ৭১৬ কোটি টাকার চট্টগ্রাম সিটি করপোরেশনের আওতাধীন বন্যা ও জলাবদ্ধতা ক্ষতিগ্রস্ত রাষ্ট্রসমূহের উন্নয়ন এবং নালা, প্রতিরোধ দেয়াল, ব্রিজ-কালভার্ট নির্মাণ ও পুনর্নির্মাণ প্রকল্প।