পাসপোর্ট কার্যালয়ে দুর্নীতি বন্ধ না হলে আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী আঞ্চলিক পাসপোর্ট অফিসের হয়রানি ও দুর্নীতি বন্ধ না হলে রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদ পাসপোর্ট অফিস ঘেরাওসহ কঠোর কর্মসূচি দেওয়ার ঘোষণা দিয়েছে। গতকাল সোমবার সংগ্রাম পরিষদের পক্ষ থেকে এক বিবৃতিতে এই ঘোষণা দেওয়া হয়।
বিবৃতিতে বলা হয়েছে, রাজশাহী পাসপোর্ট অফিসে জনপ্রতি দেড় থেকে দুই হাজার টাকা ঘুষ না দিলে পাসপোর্ট পাওয়া যায় না। এতে সাধারণ জনগণ ভোগান্তিতে পড়ে। পুলিশ প্রশাসন ও পাসপোর্ট প্রশাসনকে অভিযোগ করলেও তারা দালালদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয় না।
বিবৃতিদাতারা দালাল চক্রের হাত থেকে রাজশাহী পাসপোর্ট কার্যালয় রক্ষার জন্য পুলিশ প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন। পাসপোর্ট অফিসের কতিপয় কর্মচারী, কর্মকর্তা ও দালালদের বিরুদ্ধে অতিসত্বর আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানান তাঁরা।
বিবৃতিদাতারা হলেন রাজশাহী রক্ষা সংগ্রাম পরিষদের সভাপতি লিয়াকত আলী, সাধারণ সম্পাদক জামাত খান, ভাষাসৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি, রাজশাহী শিল্প ও বণিক সমিতির সভাপতি হারুন অর রশিদ, সংগঠনের সহসভাপতি আবদুল মান্নান, যুগ্ম সম্পাদক মঞ্জুর হাসান, রাজশাহী শিল্প ও বণিক সমিতির পরিচালক এম শরীফ প্রমুখ।