পাসপোর্ট নিতে এসে কেউ যেন হয়রানি না হয়: প্রধানমন্ত্রী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাসপোর্ট নিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী গতকাল মঙ্গলবার বিকেলে গণভবনে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ৩৩টি আঞ্চলিক পাসপোর্ট অফিসে মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) প্রদান কর্মকাণ্ডের উদ্বোধনকালে এ নির্দেশ দেন। খবর বাসসের।
প্রধানমন্ত্রী বলেন, ‘বিদেশ যাওয়ার জন্য পাসপোর্ট একটি অতি প্রয়োজনীয় দলিল। তাই আমি পাসপোর্ট নিতে এসে কেউ যাতে হয়রানির শিকার না হয়, সে ব্যাপারে সতর্ক থাকতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি এ সময় ভিডিও কনফারেন্সের মাধ্যমে স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, স্থানীয় সংসদ সদস্য, লক্ষ্মীপুর জেলা আওয়ামী লীগের বিভিন্ন নেতা এবং জেলা প্রশাসকের সঙ্গে কথা বলেন।
বাংলাদেশে এমআরপি চালুর পটভূমি তুলে ধরে প্রধানমন্ত্রী বলেন, যে আধুনিক প্রযুক্তি একসময় অনেকের কাছে কল্পনার বিষয় ছিল, তাঁর সরকার সে প্রযুক্তি গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী বলেন, ‘একসময় এমআরপি চালুর ব্যাপারে বাংলাদেশ পেছনে পড়ে থাকতে পারে বলে আমরা শঙ্কিত ছিলাম। কারণ ৮০ থেকে ৯০ লাখ বাংলাদেশি বিদেশে বসবাস করছে। পাশাপাশি প্রতিদিন বহু লোক বিভিন্ন কাজে বিদেশ যাচ্ছে এবং তারা নানা সমস্যার সম্মুখীন হচ্ছে।’