পাসপোর্ট পাওয়ার পদ্ধতি সহজ করতে বিভিন্ন প্রস্তাব দিয়েছেন চট্টগ্রামের নাগরিকেরা। গতকাল বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় পাসপোর্ট ও ভিসা কার্যালয়ে ‘গণশুনানি ও সোশ্যাল মিডিয়া আড্ডা’ অনুষ্ঠানে নাগরিকেরা বিভিন্ন প্রস্তাব দেন।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল, পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক এন এম জিয়াউল আলম, পাসপোর্ট ভবন প্রকল্পের পরিচালক ও যুগ্ম সচিব মো. আতিকুল হকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। বিভিন্ন বিশ্ববিদ্যালয়-কলেজের শিক্ষক, সরকারি কর্মকর্তা, ব্যবসায়ী, চাকরিজীবী ও গণমাধ্যমকর্মীরা অনুষ্ঠানে অংশ নেন।
অনুষ্ঠানে নাগরিকেরা যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট দ্রুত সময়ের মধ্যে সরবরাহ, অসুস্থ নাগরিকদের ক্ষেত্রে ভ্রাম্যমাণ যাচাইপ্রক্রিয়া চালু, অনলাইনে ফরম পূরণ ও টাকা জমা দেওয়া ও পুলিশ প্রতিবেদন দাখিলের সময়সীমা নির্ধারণ করে দেওয়ার প্রস্তাব দেন।
নাগরিকদের বিভিন্ন প্রস্তাব ও অভিযোগের পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে অতিরিক্ত সচিব মো. মোস্তফা কামাল জানান, পাসপোর্টের জন্য অসুস্থ ব্যক্তিদের কার্যালয়ে যেতে হবে না। ঢাকায় অসুস্থ ব্যক্তির কাছে ভ্রাম্যমাণ দল গিয়ে যাবতীয় তথ্য যাচাই করে নিয়ে আসে। চট্টগ্রামেও একই পদ্ধতি চালু করা যেতে পারে। ডিজিটাল যুগে আমরা অনলাইনে ফরম নিচ্ছি। টাকাও নেওয়া হচ্ছে। তবে পুলিশ প্রতিবেদন ছাড়া পাসপোর্ট দেওয়া ঝুঁকিপূর্ণ। কারণ তিন-চার লাখ রোহিঙ্গা বাংলাদেশের পাসপোর্ট পেয়ে গেছে।
মো. মোস্তফা কামাল জানান, ২০১৮ সালের মধ্যে বাংলাদেশের সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদ অপটিক্যাল ফাইবার নেটওয়ার্কের আওতায় আসছে। তখন প্রতিটি ইউনিয়নে প্রত্যেক নাগরিকের জন্য তথ্যভান্ডার খোলা হবে। ওই তথ্যভান্ডারে একজন নাগরিকের সব তথ্য থাকলে ২০১৮ সালের পর পাসপোর্টের জন্য হয়তো পুলিশ প্রতিবেদনের প্রয়োজন হবে না।
গণশুনানিতে অন্যান্যের মধ্যে অংশ নেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের অধ্যাপক মনসুর উদ্দিন আহমদ, রসায়ন বিভাগের অধ্যাপক জামাল উদ্দিন, উদ্ভিদবিদ্যার শিক্ষক কামরুল হুদা, প্রাণিবিদ্যার শিক্ষক মনজুরুল কিবরিয়া, চট্টগ্রাম কলেজের শিক্ষক আবদুস সালাম, চিকিৎসক নুরুল হুদা, ফেডারেল সাংবাদিক ইউনিয়নের একাংশের নেতা আসিফ সিরাজ।