পাসপোর্ট বই ছাপা কমে এক-তৃতীয়াংশে নেমেছে

যন্ত্রে পাঠযোগ্য পাসপোর্ট বই ছাপানোর পরিমাণ এক-তৃতীয়াংশে নেমে এসেছে। আবেদনকারীদের হাতের ছাপ পরীক্ষা ও সংরক্ষণের যন্ত্রটি (এএফআইএস) ঠিকমতো কাজ না করায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে বলে অধিদপ্তরের কর্মকর্তারা জানিয়েছেন। এদিকে সময়মতো পাসপোর্ট বই না পেয়ে প্রতিদিন হাজার হাজার লোক অধিদপ্তরের সামনে ভিড় করছেন। এখন কবে এ সমস্যার সমাধান হবে, তা কেউ বলতে পারছেন না।
জানতে চাইলে বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রেজওয়ান প্রথম আলোকে বলেন, যন্ত্রটি হালনাগাদ করার অনুমোদন চেয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে। অনুমতি পেলেই হালনাগাদ করা হবে।
সূত্র জানায়, বর্তমানে পাসপোর্ট নেওয়ার ক্ষেত্রে আবেদনকারীকে তাঁর দুই হাতের চার আঙুলের ছাপ দিতে হয়। এই ছাপ সংরক্ষণ করার পাশাপাশি মিলিয়ে দেখা হয়, আবেদনকারীর অন্য কোনো পাসপোর্ট আছে কি না। যে যন্ত্রের মাধ্যমে ছাপটি মেলানো হয়, তার নাম অটোমেটিক ফিঙ্গারপ্রিন্ট আইডেনটিফিকেশন সিস্টেম বা এএফআইএস। এই যন্ত্রটি কোটি কোটি হাতের ছাপের ভেতর থেকে চিহ্নিতজনের হাতের ছাপ খুঁজে বের করতে পারে। একজনের যাতে একটির বেশি পাসপোর্ট না থাকে, সে কারণেই এই যন্ত্রটি ব্যবহার করা হয়।
মেশিন রিডেবল পাসপোর্ট প্রকল্প সূত্র জানিয়েছে, বর্তমানে ব্যবহার করা ছাপ মেলানোর যন্ত্রটি প্রকল্প শুরুর সময় কেনা। তখন এটি এক কোটি মানুষের হাতে ছাপ সংরক্ষণের জন্য কেনা হয়েছিল। বর্তমানে এই যন্ত্রে ১ কোটি ৪৮ লাখ মানুষের হাতের ছাপ রয়েছে। এতে করে যন্ত্রটি প্রায় বিকল হয়ে যাচ্ছে। এর কাজের গতিও কমে গেছে। পাসপোর্ট অধিদপ্তরের অতিরিক্ত সচিব ফজলুল হক স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে লেখা এক চিঠিতে জানিয়েছেন, এই যন্ত্রটির দৈনিক কাজের ক্ষমতা ২০ হাজার থেকে নেমে ১০০-তে এসে দাঁড়িয়েছে। কয়েক দিন আগে এটি বন্ধ হয়ে যাওয়ার উপক্রম হয়। এখন জোড়াতালি দিয়ে চালানো হচ্ছে। তিনি ওই চিঠিতে বলেন, বর্তমানে যে অবস্থায় যন্ত্রটি চলছে, তা যেকোনো সময় বন্ধ হয়ে যেতে পারে। যন্ত্রটি বিকল হলে পাসপোর্টের কাজও বন্ধ হয়ে যাবে।