পাসপোর্টে বড় সমস্যা দালাল আর পুলিশ ভেরিফিকেশন

‘নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পেয়ে প্রতিদিনই পাসপোর্ট অফিসে গেছি। এর কাছে ওর কাছে গেছি। কিন্তু পাই নাই। এক স্যারের কাছে অনেক অনুনয়বিনয় করে বোনের অসুস্থতার কথা বলেছি। কিন্তু সহায়তা পাই না। একপর্যায়ে আমাকে ওই স্যার বললেন, “তোমার বোনরে হাসপাতালে নিয়া শোয়ায়ে রাখো।”’
অসুস্থ বোনের পাসপোর্ট করাতে গিয়ে নিজের বিড়ম্বনার কথা এভাবে বলতে গিয়ে কেঁদে ফেলেন সাভারের আরিফুল ইসলাম। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের কার্যক্রম নিয়ে দুর্নীতি দমন কমিশনের (দুদক) গণশুনানিতে এসব কথা বলেন তিনি। আজ মঙ্গলবার রাজধানীর আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হয়।
অসুস্থ বোনের চিকিৎসার জন্য দেশের বাইরে যাওয়ার প্রয়োজনে এ বছরের ৯ জুন ঢাকার পাসপোর্ট অফিসে আবেদন করেছিলেন সাভারের বাসিন্দা আরিফুল ইসলাম। ২২ জুন পাসপোর্ট দেওয়ার কথা থাকলেও পাননি। ১০ জুলাই পাসপোর্ট হাতে পান তিনি। জরুরি ফি দিয়ে সাত কর্মদিবসের মধ্যে পাসপোর্ট পাওয়ার কথা থাকলেও তিনি পেয়েছেন এক মাস পর। আরিফুল বলেন, ‘নির্দিষ্ট সময়ে পাসপোর্ট না পেয়ে বোনকে বাইরে নিতে পারিনি। সে এখন মৃত্যুশয্যায়।’
আড়াই ঘণ্টার বেশি সময় ধরে অনুষ্ঠিত গণশুনানিতে আরিফুলের মতো আরও ২৬ জন ভুক্তভোগী তাঁদের হয়রানির কথা আজ তুলে ধরেন। বেশির ভাগ ভুক্তভোগীর কথায় উঠে আসে দালালের দৌরাত্ম্য আর পুলিশ ভেরিফিকেশন নিয়ে হয়রানির কথা। পাশাপাশি সেবা নিতে গিয়ে কোথাও কোথাও পাসপোর্ট বিভাগের কিছু কর্মকর্তা-কর্মচারীর অসহযোগিতা, কাজের দীর্ঘসূত্রতা, ভেতরের পরিবেশসহ নানা বিষয়ও উঠে আসে। এসব বিষয়ে দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ, বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মাসুদ রিজওয়ান, পাসপোর্ট অফিসের সংশ্লিষ্ট কর্মকর্তারা ওই সব বিষয়ে তাঁদের মতামত ও বক্তব্য দেন।
মিরপুরের রূপনগরের বাসিন্দা মনির হোসেন অভিযোগ করে বলেন, ছোট ভাইয়ের নাম সংশোধন করতে গিয়ে পুলিশ ভেরিফিকেশনের সময় ঢাকার ঠিকানায় পাওয়া যায়নি বলে নেতিবাচক প্রতিবেদন জমা দেন পুলিশ কর্মকর্তা। পরে নতুন করে ভেরিফিকেশনের সময় মিরপুর সাড়ে ১১ নম্বরে দেখা করে টাকা নিয়ে ইতিবাচক প্রতিবেদন দেন ওই পুলিশ কর্মকর্তা। আরও কয়েকজন ভুক্তভোগীও পুলিশ ভেরিফিকেশন নিয়ে জটিলতার কথা তুলে ধরেন।
এ সময় দুদক চেয়ারম্যান ইকবাল মাহমুদ বলেন, পাসপোর্ট ইস্যু, পাসপোর্ট নবায়ন কিংবা পাসপোর্ট সংশোধনের ক্ষেত্রে পুলিশি ভেরিফিকেশন সম্পৃক্ত ভোগান্তি লাঘবে অপরাধীদের তালিকা পাসপোর্ট অধিদপ্তরে থাকা উচিত। তিনি বলেন, ‘সবাই তো অপরাধী নন। তাহলে ভেরিফিকেশন জরুরি কেন? এ বিষয়টি একটি প্রস্তাব হিসেবে রাখলাম।’ তিনি জানতে চান, পুলিশ ভেরিফিকেশনের বিষয়টি সরলীকরণ করা যায় কি না?
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক মাসুদ রিজওয়ান জানান, সময় নির্ধারণ করে দেওয়া আছে। ওই সময়ের মধ্যে পুলিশের প্রতিবেদন না পেলে পাসপোর্ট দিয়ে দেওয়ার সুযোগ আছে। অনলাইনে পুলিশ ভেরিফিকেশন নিয়ে আসা যায় কি না, সে বিষয়েও ভাবা হচ্ছে।
এর আগে স্বাগত বক্তব্যে দুদক চেয়ারম্যান বলেন, ‘পাসপোর্টের জন্য পুলিশ ভেরিফিকেশনে হয়রানি হয়। তারা টাকা ছাড়া কাজ করে না। আমরা আশা করব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি খতিয়ে দেখবে।’ তিনি আরও বলেন, দালালদের জন্যই পাসপোর্ট অফিসের বদনাম হয়। সেবার মান বাড়াতে পাসপোর্ট অধিদপ্তরকে দালালমুক্ত করতে হবে।
মাসুদ রিজওয়ান বলেন, ‘সেবা দেওয়ার ক্ষেত্রে আমাদেরও কিছু গাফিলতি আছে, সেটা আমি অকপটে স্বীকার করছি।’ তবে গত কয়েক মাসে পাসপোর্ট বিভাগে সেবার ক্ষেত্রে অনেক উন্নতি হয়েছে বলে দাবি করেন তিনি। দালালের দৌরাত্ম্য কমাতে গত আট মাসে সাড়ে চার শ দালালকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে তুলে দেওয়ার কথা জানান তিনি। এ ক্ষেত্রে দালালদের কাছে না যাওয়ার পরামর্শ দেন তিনি।
পাসপোর্ট অধিদপ্তরের মহাপরিচালক জানান, অধিদপ্তরের পক্ষ থেকে এক্সেস টু ইনফরমেশনের সহায়তায় অনলাইনে ফরম পূরণের ব্যবস্থা নেওয়ার বিষয়টি ভাবা হচ্ছে। সত্যায়নের বিষয়টি তুলে দেওয়ার জন্য ইতিমধ্যে সরকারের কাছে প্রস্তাব দেওয়া হয়েছে।
গণশুনানির সঞ্চালনা করেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মুহিবুল হক। অনুষ্ঠানে বক্তব্য দেন দুদক কমিশনার (অনুসন্ধান) নাসিরউদ্দীন আহমেদ, কমিশনার (তদন্ত) এ এফ এম আমিনুল ইসলাম প্রমুখ।
সরকারি দপ্তরগুলোতে সেবা প্রদানে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে গণশুনানির আয়োজন করে থাকে দুদক। এর আগে ঢাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সাব-রেজিস্ট্রার অফিসসহ একাধিক দপ্তর নিয়ে গণশুনানি করেছে সংস্থাটি। ঢাকার বাইরে ময়মনসিংহের মুক্তাগাছা, ঢাকার সাভার, কক্সবাজার, চট্টগ্রামসহ দেশের বিভিন্ন এলাকায় সংস্থার পক্ষ থেকে গণশুনানির আয়োজন করা হয়। এসব শুনানিতে ভুক্তভোগীরা তাঁদের অভিযোগ উপস্থাপন করেন। উপস্থিত সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তারা অভিযোগ অনুসারে সমাধান বাতলে দেন। কোনোটিতে দেন সমাধানের প্রতিশ্রুতি।