পাসপোর্টের চার দালালকে কারাদণ্ড

নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বর থেকে আটক চার দালালকে এক মাস করে কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বৃহস্পতিবার দুপুরে শহরের চকরামপুর এলাকার পাসপোর্ট অফিস চত্বর থেকে তাঁদের র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৫-এর সদস্যরা। পরে তাঁদের এ দণ্ড দেওয়া হয়। 


দণ্ডপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শহরের লালমনিপুর এলাকার সাইফুল ইসলাম, ভাটোদাড়া এলাকার মিঠু সরদার, শাওন সরদার ও ওমর ফারুক।

র‌্যাব-৫–এর অতিরিক্ত পুলিশ সুপার মিজানুর রহমান জানান, দীর্ঘদিন ধরেই নাটোরের আঞ্চলিক পাসপোর্ট অফিস চত্বরে দালাল চক্র সেবাগ্রহীতাদের বিভিন্নভাবে হয়রানি করে আসছিল। এই খবরের ভিত্তিতে পাসপোর্ট অফিস চত্বরে অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় গ্রাহকদের হয়রানি করা ও টাকাপয়সা হাতিয়ে নিতে গেলে চার দালাল হাতেনাতে আটক হয়। পরে তাঁদের ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। এ সময় আদালতের বিচারক মোহাম্মদ নায়িরুজ্জামান প্রত্যেককে এক মাস করে কারাদণ্ড দিয়ে তাঁদের কারাগারে পাঠান।