পাসপোর্ট অধিদপ্তরের ওপর দুদকের গণশুনানি ৩০ আগস্ট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের ওপর গণশুনানি করতে যাচ্ছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এ অধিদপ্তরের আওতাধীন আগারগাঁওয়ের প্রধান কার্যালয়, উত্তরা ও যাত্রাবাড়ী আঞ্চলিক কার্যালয়ের কর্মকাণ্ড নিয়ে এ শুনানি হবে।

দুদক সূত্র জানিয়েছে, ৩০ আগস্ট মঙ্গলবার আগারগাঁওয়ে এলজিইডি মিলনায়তনে এ শুনানি অনুষ্ঠিত হবে। বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরের এ তিনটি কার্যালয়ে পাসপোর্ট ইস্যু, সংশোধন, নবায়ন, পাসপোর্ট ডেলিভারি, বিদেশি নাগরিকের ভিসার মেয়াদ বৃদ্ধি, শরণার্থীদের আইডি কার্ড ইস্যু, অ্যারাইভাল ভিসা ইস্যু ইত্যাদি ক্ষেত্রে কেউ দুর্নীতি, হয়রানি বা অন্য কোনো ধরনের ভোগান্তির শিকার হলে শুনানিতে তা তুলে ধরতে পারবেন। সেখানে দুদক ও পাসপোর্ট অধিদপ্তরের শীর্ষ ব্যক্তিরা উপস্থিত থাকবেন।

যাঁরা ওই শুনানিতে অংশ নিয়ে অভিযোগ তুলে ধরতে চান, তাঁদের আগে থেকেই দুদকে নাম তালিকাভুক্ত করতে হবে। নাম তালিকাভুক্ত করতে আগ্রহী ব্যক্তিদের ২৮ আগস্টের মধ্যে দুদকের সমন্বিত জেলা কার্যালয়, ঢাকা-১-এর উপপরিচালকের সঙ্গে প্রয়োজনীয় তথ্য বা উপাত্তসহ যোগাযোগ করার জন্য কমিশনের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।

ঢাকার মতিঝিল, উত্তরা, গুলশান, মিরপুর, রমনা, লালবাগ তেজগাঁও, ওয়ারি অঞ্চলের দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি বা সাধারণ সম্পাদকের সঙ্গেও এ বিষয়ে যোগাযোগ করা যাবে বলে দুদকের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।